শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » দেশজুড়ে » ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রথম পাতা » দেশজুড়ে » ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৩ বার পঠিত
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

---

 

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ঢাকায় একটি কার্যালয় স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি বাংলাদেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসার প্রসার এবং সাইবার নিরাপত্তা ইস্যুতে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউ ইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শামা ওবায়েদ বলেন, মেটার সঙ্গে বাংলাদেশের একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। সেখানে ঢাকায় অফিস স্থাপনের বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং প্রতিষ্ঠানটি এ বিষয়ে আগ্রহের কথা জানায়। বৈঠকে বাংলাদেশে ফেসবুকের বড় ব্যবহারকারীভিত্তির বিষয়টিও উঠে আসে।

তিনি বলেন, বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন নিয়েও মেটার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। একই সঙ্গে দেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের বিস্তারে সহযোগিতা করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে মেটা।

বৈঠকে ডিজিটাল হয়রানির বিষয়টিও আলোচনায় আসে জানিয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের সামাজিক বাস্তবতার আলোকে এ ধরনের হয়রানি কমাতে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করতে আগ্রহী মেটা।

তিনি আরও বলেন, সরকারের প্রথম বাজেটে ই-কমার্স ও প্রযুক্তি খাতকে দেওয়া গুরুত্বের বিষয়টিও মেটার সঙ্গে আলোচিত হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের সংশ্লিষ্ট টিমগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে প্রতিষ্ঠানটি আগ্রহ দেখিয়েছে। তবে ঢাকায় কবে এবং কীভাবে অফিস চালু করবে, সে বিষয়ে তারা পর্যালোচনা করবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে সাধারণ আলোচনা হয়েছে। তবে মক্কা প্যাক্ট নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

তিনি বলেন, বৈঠকটি আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে পারস্পরিক অংশীদারত্ব এবং কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

এলডিসি উত্তরণ প্রসঙ্গে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়নি জানিয়ে হুমায়ুন কবির বলেন, কোভিড-পরবর্তী পরিস্থিতি, গত ১৫ বছরের গণতান্ত্রিক ঘাটতি, প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতা এবং বিশেষ করে জ্বালানি সংকটের বিষয়গুলো বাংলাদেশের এলডিসি উত্তরণ-সংক্রান্ত আবেদনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরা হচ্ছে।

তিনি বলেন, এসব বিষয়ে বাংলাদেশ আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে এবং এ নিয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে। জ্বালানি সংকটের বিষয়টিও জাতিসংঘ সাধারণ পরিষদে সংশ্লিষ্ট পর্যায়ে ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।

 



আর্কাইভ