সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » দেশজুড়ে » ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক উদ্যোগ ও পাইলট প্রকল্প গ্রহণের আহ্বান বিজ্ঞানমন্ত্রীর
ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক উদ্যোগ ও পাইলট প্রকল্প গ্রহণের আহ্বান বিজ্ঞানমন্ত্রীর

ডেঙ্গু মোকাবিলায় প্রচলিত আলোচনা ও সভা-সেমিনামের গণ্ডি পেরিয়ে গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগিয়ে কার্যকর সমাধান বের করার ওপর গুরুত্ব দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ জন্য বিজ্ঞানী, গবেষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে বাস্তব পরিস্থিতিনির্ভর পাইলট প্রকল্প চালুর পরামর্শ দিয়েছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে ওলবাকিয়া-ভিত্তিক প্রযুক্তির প্রয়োগ এবং এ বিষয়ে বৈজ্ঞানিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
ফকির মাহবুব আনাম বলেন, ডেঙ্গু বর্তমানে দেশের জন্য একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। এমন পরিস্থিতিতে সময়ক্ষেপণ না করে সরাসরি মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করা জরুরি।
মন্ত্রী আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পৃক্ত করে পরীক্ষামূলক প্রকল্প নেওয়া হলে দীর্ঘমেয়াদি সমাধানের পথ তৈরি হতে পারে। তিনি গবেষকদের গবেষণাগারের কাজের পাশাপাশি জনস্বাস্থ্যের জরুরি সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান। এ ধরনের প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
সভায় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন বলেন, ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে গবেষণার অগ্রগতি ত্বরান্বিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং যৌথ উদ্যোগ প্রয়োজন। বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। তিনি দেশের জলবায়ু, ভৌগোলিক বৈশিষ্ট্য ও জনকল্যাণের বিষয় বিবেচনায় রেখে সাশ্রয়ী এবং বাণিজ্যিকভাবে টেকসই সমাধান উদ্ভাবনের ওপর জোর দেন।
সভায় জানানো হয়, ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য টেমাসিক ফাউন্ডেশন ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অনুদানে একটি পাইলট প্রকল্প শিগগিরই কার্যক্রম শুরু করবে। এতে সংশ্লিষ্ট বিষয়ে কাজ করা দেশীয় গবেষক ও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হবে। স্থানীয় প্রযুক্তি, জ্ঞান ও উদ্ভাবন কাজে লাগিয়ে প্রকল্পটির কার্যকারিতা বাড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।
সভায় বাংলাদেশে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং, যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি, জেনেটিক্স অ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ঝিয়ং শি এবং সিমবায়োসিয়া এসইএর প্রধান নির্বাহী ডেভিড কুয়েক ইয়ং কি বক্তব্য দেন। এ ছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইইডিসিআরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধি এবং গবেষকেরা সভায় অংশ নেন।






বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস সরকারের
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে 