শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » দেশজুড়ে » অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের

২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতি দ্বিগুণ করার লক্ষ্য বাস্তবায়নে তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত জ্ঞান এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কাজ করার উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি মনে করেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদ অর্জন নয়, বরং ইংরেজিতে যোগাযোগ, প্রযুক্তির ব্যবহার এবং বাস্তব কর্মক্ষেত্রে সমস্যা সমাধানের দক্ষতা অর্জনই তরুণদের কর্মজীবনে সফল করে তুলবে। এসব ক্ষেত্রে সক্ষমতা বাড়ানো গেলে দেশের বৃহৎ তরুণ জনগোষ্ঠী অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ টেসলবিডি ও ইউল্যাবের যৌথ উদ্যোগে আয়োজিত ‘২য় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি (ইংলিশ ফর স্পেসিফিক পারপাস) কনফারেন্স ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের প্রস্তুতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মূল উদ্দেশ্য জ্ঞান অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেকে তৈরি করা। অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগানোর সক্ষমতা না থাকলে শুধু ডিগ্রি দিয়ে প্রত্যাশিত সাফল্য অর্জন করা কঠিন। তাই শিক্ষার্থীদের এমনভাবে দক্ষ করে তুলতে হবে, যাতে তাঁরা পেশাগত জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং বাস্তব পরিস্থিতিতে নিজেদের জ্ঞান প্রয়োগ করতে পারেন।
দেশে ইংরেজি শিক্ষার সীমাবদ্ধতা প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, ইংরেজি শেখানো ও শেখার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় এখনো উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা রয়েছে। দেশের বিভিন্ন এলাকার বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের ভাষা শেখানোর কার্যক্রম কার্যকর করতে শিক্ষকদেরও ইংরেজিতে দক্ষতা বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়াশোনা করার পরও অনেক শিক্ষার্থী সাবলীলভাবে কথা বলা, লিখিতভাবে নিজের বক্তব্য উপস্থাপন এবং পেশাগত যোগাযোগের ক্ষেত্রে সমস্যায় পড়েন। এ অবস্থা থেকে উত্তরণে মুখস্থনির্ভর পদ্ধতির পরিবর্তে ভাষার ব্যবহারিক চর্চা ও যোগাযোগের সক্ষমতা বৃদ্ধিতে জোর দিতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ইংরেজিতে দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা শুধু যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, ব্যবসা, অর্থনীতি ও ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আধুনিক জ্ঞান অর্জনের ক্ষেত্রেও এ ভাষার গুরুত্ব রয়েছে। আন্তর্জাতিক গবেষণা, প্রযুক্তিগত নির্দেশিকা ও পেশাগত বিভিন্ন তথ্যের উল্লেখযোগ্য অংশ ইংরেজিতে প্রকাশিত হওয়ায় ভাষাগত দুর্বলতা অনেক মেধাবী শিক্ষার্থীর জ্ঞান আহরণ এবং কর্মক্ষেত্রে যোগ্যতা প্রমাণের পথে বাধা সৃষ্টি করে। একই সঙ্গে ইংরেজির পাশাপাশি মাতৃভাষায় জ্ঞান ও প্রযুক্তিগত পরিভাষা সহজে ব্যবহারের সুযোগ তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।






মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি, কলেজে টানা ছুটি ১৬ দিন পর্যন্ত
বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক
এআই-সেমিকন্ডাক্টর-রোবোটিকসে তরুণদের গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব
ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বিদেশযাত্রার খরচে নতুন চাপ
বগুড়ায় ‘বিনিয়োগকারী রোড শো ২০২৬’, শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল 