শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » দেশজুড়ে | ব্যাবসা-বাণিজ্য » বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস সরকারের
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস সরকারের

বাংলাদেশে চলমান ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি নতুন নতুন শিল্প খাতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশন। প্রতিষ্ঠানটির বিনিয়োগ উদ্যোগে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাইউকি ওমোতোর নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সঙ্গে মন্ত্রীর বৈঠকে এসব বিষয় উঠে আসে। এ সময় সার উৎপাদন, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, অটোমোবাইল এবং জাহাজ পুনর্ব্যবহার শিল্পে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। খবর বিজ্ঞপ্তি
বৈঠকে বাণিজ্যমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে ব্যবসায়িক কার্যক্রমের প্রক্রিয়া সহজ করা এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ ও জাপানের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করতে বিনিয়োগকারীদের প্রয়োজন অনুযায়ী নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, উৎপাদনভিত্তিক শিল্পের বিকাশে জাপানের উন্নত প্রযুক্তি, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বিনিয়োগ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে। বিশেষত জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার, মোটরগাড়ি, কৃষিভিত্তিক শিল্প এবং উচ্চ প্রযুক্তিনির্ভর খাতে দুই দেশের যৌথ উদ্যোগ বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এসব খাতে বিনিয়োগের পথ সুগম করতে সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।
আলোচনায় বাংলাদেশ-জাপান সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) স্বাক্ষর ও কার্যকরের অগ্রগতি, পাটশিল্পে বহুমুখী পণ্য উৎপাদন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলোও স্থান পায়।
সার উৎপাদন ও তথ্যপ্রযুক্তিতে সম্প্রসারণের পরিকল্পনা
মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসাইউকি ওমোতো বাংলাদেশে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের ব্যবসায়িক কার্যক্রমের কথা উল্লেখ করেন। তিনি চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) আধুনিকায়ন, প্রাকৃতিক গ্যাসের সর্বোত্তম ব্যবহার এবং সার উৎপাদন সক্ষমতা বাড়ানোর সম্ভাবনা তুলে ধরেন। একই সঙ্গে ডিএপি ও টিএসপি সার উৎপাদনে নতুন বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটির আগ্রহের কথা জানান।
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনাও বৈঠকে তুলে ধরেন মারুবেনির সিইও। তাঁর ভাষ্য অনুযায়ী, যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত বিজেআইটির শত শত বাংলাদেশি প্রকৌশলী জাপানসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে প্রযুক্তিসেবা দিচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিদেশি প্রতিষ্ঠানের কাছে তথ্যপ্রযুক্তি সেবা সরবরাহের (আইটি অফশোরিং) কার্যক্রমে দুই পক্ষের সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
পাট ও গাড়ি উৎপাদনে যৌথ উদ্যোগের সুযোগ
পাটশিল্পের বহুমুখীকরণে বাংলাদেশের পরিকল্পনার কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রচলিত পাটপণ্যের গণ্ডি ছাড়িয়ে অধিক মূল্য সংযোজিত ও বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। তুলা, ভিসকস ও পলিয়েস্টারের সঙ্গে পাটের আঁশ সংমিশ্রণ করে নতুন পণ্য তৈরি, উন্নত জাতের বীজ উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব উদ্যোগে আন্তর্জাতিক পর্যায়ের প্রযুক্তিগত সহায়তা ও বিদেশি বিনিয়োগ কাজে লাগাতে আগ্রহী সরকার।
বৈঠকে টয়োটা ব্র্যান্ডের গাড়ি উৎপাদনের প্রস্তাব, জাহাজ পুনর্ব্যবহার শিল্পে পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তি প্রয়োগ এবং অর্থনৈতিক অঞ্চলগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়েও আলোচনা হয়। পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করার বিকল্প হিসেবে ক্ষুদ্র মডিউলার পারমাণবিক চুল্লি (এসএমআর) প্রযুক্তির সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়া সহজ করার উদ্যোগ
বাণিজ্যমন্ত্রী বলেন, কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স গ্রহণ এবং বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন অনুমোদন পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করার বিষয়ে সরকার কাজ করছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীরা যাতে তাঁদের মুনাফা ও বিনিয়োগকৃত মূলধন দেশে ফেরত নিতে পারেন, সে সুযোগ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশে কার্যক্রম বাড়াতে আগ্রহী জাপানি প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান উপস্থিত ছিলেন। আলোচনায় উভয় পক্ষ বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা, সিইপিএর সম্ভাব্য সুফল কাজে লাগানো এবং শিল্প ও প্রযুক্তি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে।






এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি, কলেজে টানা ছুটি ১৬ দিন পর্যন্ত 