শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি | দেশজুড়ে » ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি | দেশজুড়ে » ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
২৫ বার পঠিত
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী

---

 

আধুনিক বিশ্বের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের গড়ে তুলতে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা, ডিজিটাল পদ্ধতিতে শেখার সক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে ধারণা থাকা জরুরি। এসব জ্ঞান ও দক্ষতা অর্জন করতে না পারলে ভবিষ্যৎ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা কঠিন হয়ে পড়বে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তাদের ভালো ফলাফলের পেছনে পরিবার ও অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক সহযোগিতা ছাড়া একজন শিক্ষার্থীর পক্ষে সব ক্ষেত্রে সাফল্য অর্জন করা কঠিন। যে পরিবারে পড়াশোনার অনুকূল পরিবেশ নেই, সেখানে শিক্ষার্থীদের ভালো ফল করা অনেকটাই চ্যালেঞ্জিং। তাই শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিবারের সদস্যদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, আমির খসরু মাহমুদ চৌধুরী নিজেও চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সাবেক শিক্ষার্থী।

নিজের স্কুলজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। স্কুলে প্রবেশ করতেই তাঁর শৈশব ও শিক্ষাজীবনের নানা স্মৃতি মনে পড়ে যায়। স্কুলের প্রাত্যহিক সমাবেশ, ক্রিকেট খেলা এবং গ্রন্থাগারকে ঘিরে কাটানো সময়ের কথা এখনো তাঁর মনে উজ্জ্বল হয়ে আছে। মানুষের জীবনে অনেক ঘটনা বিস্মৃত হলেও স্কুলজীবনের স্মৃতি সহজে মুছে যায় না। এ সময় তিনি তাঁর শিক্ষকদের পাশাপাশি স্কুলের দপ্তরি ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কথাও স্মরণ করেন, যাঁদের অবদান ও স্মৃতি আজও তাঁর মনে গেঁথে আছে।

মন্ত্রী বলেন, কলেজিয়েট স্কুলের সুষ্ঠু পরিচালনা, অবকাঠামোগত উন্নয়ন এবং আগামী দিনের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ মানের শিক্ষা নিশ্চিত করা তাঁর কাছে বরাবরই গুরুত্বপূর্ণ।

প্রতিষ্ঠানটির গ্রন্থাগার আগের মতো সক্রিয় নেই জেনে হতাশা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে গ্রন্থাগারকে বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে স্কুলে কম্পিউটার ল্যাব না থাকার বিষয়টি তাঁকে বিস্মিত করেছে। বর্তমান সময়ে কম্পিউটার ল্যাব ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করা উচিত নয় উল্লেখ করে তিনি জানান, এখানে একটি কম্পিউটার ল্যাব স্থাপনের ব্যবস্থা করা হবে।

দেশের প্রথম পৃথক সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে

এর আগে শুক্রবার সকালে নগরীর পতেঙ্গায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত সাইকেল ট্র্যাক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এ ট্র্যাকটি শুধু সাইকেল আরোহীদের চলাচলের জন্য নির্ধারিত। এ ধরনের উদ্যোগ বাংলাদেশে প্রথম।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, উন্নত দেশগুলোতে অধিকাংশ সড়কের পাশে সাইকেল চালানোর জন্য পৃথক লেন রয়েছে। সেসব দেশের অনেক নাগরিক সাইকেলে কর্মস্থলে যাতায়াত করেন। এতে যাতায়াতের পাশাপাশি নিয়মিত শরীরচর্চাও হয়, যা অসুস্থতা ও বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। বর্তমান সরকারও দেশে এ ধরনের পরিবহনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করতে চায়।

চট্টগ্রাম নগরীতে সাইকেল চলাচলের জন্য আরও চার থেকে পাঁচটি পথ নির্মাণের বিষয়ে মেয়রকে অনুরোধ জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, নগরবাসীর যাতায়াতের ক্ষেত্রে শুধু বাস ও ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমিয়ে সাইকেল ব্যবহারের সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন।

এ ছাড়া নগরীর খালগুলোর দুই পাশে উপযুক্ত স্থানে হাঁটার পথ নির্মাণের জন্য মেয়রকে পরামর্শ দেওয়ার কথা জানান তিনি। নগরবাসী যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হাঁটতে এবং দৌড়াতে পারেন, সে জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করার ওপর জোর দেন মন্ত্রী। একই সঙ্গে দৌড়, উচ্চলম্ফ ও দীর্ঘলম্ফের মতো অ্যাথলেটিকস ইভেন্টে দক্ষ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

 



আর্কাইভ