শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » পরিবেশ » বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দেশে
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দেশে
![]()
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশ কিংবা তামিলনাড়ু উপকূলের দিকে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র। এর প্রভাবে আগামী মঙ্গলবার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাজধানী ঢাকাতেও বৃষ্টি হতে পারে, যদিও এর তীব্রতা সীমিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত হয়নি। গত ২৪ ঘণ্টায় অধিদপ্তরের পর্যবেক্ষণাধীন ৫১টি আবহাওয়া স্টেশনের কোনোটি থেকেই বৃষ্টির তথ্য পাওয়া যায়নি।
আবহাওয়াবিদদের মতে, সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে ধারাবাহিকভাবে কয়েকটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। একই সময়ে পশ্চিমা বায়ুর প্রভাব বেড়ে যাওয়ায় বাতাসের প্রবাহ সাগরের দিকে যাচ্ছে। এ ধরনের বায়ুপ্রবাহের পরিস্থিতিতে দেশের ভূখণ্ডে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয় না।
তবে বর্তমানে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা তুলনামূলক বেশি বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।
শুক্রবার (২৩ অক্টোবর) মো. ওমর ফারুক জানান, বঙ্গোপসাগরের লঘুচাপটি প্রথমে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর সম্ভাব্য গন্তব্য হতে পারে ভারতের অন্ধ্রপ্রদেশ অথবা তামিলনাড়ু উপকূল। সে ক্ষেত্রে ঝড়টির নাম হতে পারে ‘অর্ণব’।
ওমর ফারুকের ভাষ্য অনুযায়ী, আগামী সোমবার ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। তবে বাংলাদেশে এর প্রভাব ব্যাপক হওয়ার আশঙ্কা কম। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের দিকে।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তুলনায় রাত ও ভোরের তাপমাত্রা কমে আসায় তাপমাত্রার ব্যবধান বাড়ছে। দিনের বেলায় গরম অনুভূত হলেও রাতে এবং ভোরে আবহাওয়া তুলনামূলক শীতল থাকছে। বিশেষ করে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় শীতের প্রাথমিক অনুভূতি দেখা দিতে শুরু করেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৮ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন একই স্থানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের সন্দ্বীপে, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেখানে রাতের তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।






প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে উৎপাদকদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান
জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের বড় অর্জন, সেরার মুকুট আইমানের
জলবায়ু ট্রাস্টের ১০১ প্রকল্পের পূর্ণাঙ্গ তথ্য চাইল সংসদীয় কমিটি
কৃষিকাজের সূচনা হয়েছিল কতদিন আগে?
বাড়বে শীত, টানা ২দিন বৃষ্টির সম্ভাবনা
রাতে তাপমাত্রা বাড়বে
‘প্রাকৃতিক সমস্যা মানব সৃষ্ট’
বায়ুদূষণে বিশ্বের শীর্ষে বাংলাদেশ 