শিরোনাম:
ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ব্যাবসা-বাণিজ্য » বাংলাদেশে ১০০ কোটি ডলারের এফডিআই টানতে নিউইয়র্কে বিনিয়োগ সম্মেলন
প্রথম পাতা » ব্যাবসা-বাণিজ্য » বাংলাদেশে ১০০ কোটি ডলারের এফডিআই টানতে নিউইয়র্কে বিনিয়োগ সম্মেলন
৮ বার পঠিত
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে ১০০ কোটি ডলারের এফডিআই টানতে নিউইয়র্কে বিনিয়োগ সম্মেলন

---

 

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে ১০০ কোটি মার্কিন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের লক্ষ্যে নিউইয়র্কে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন ও এর বাংলাদেশি প্রতিষ্ঠান বাংলালিংক। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে গত বৃহস্পতিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ!’ কর্মসূচির অধীনে আয়োজিত এটি ছিল প্রথম আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন।

সম্মেলনে বৈশ্বিক বিনিয়োগকারী, উন্নয়ন অর্থায়ন সংস্থা এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনার পাশাপাশি দীর্ঘমেয়াদে বিনিয়োগের অনুকূল পরিবেশ নিয়েও আলোচনা করা হয়।

চলতি বছরের শুরুতেই ভিওন ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ!’ উদ্যোগটি গ্রহণ করে।

বাংলাদেশ সরকারের সঙ্গে প্রস্তাবিত সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) কাঠামোর আওতায় প্রাথমিক পর্যায়ে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ভিওন। পাশাপাশি দেশের ডিজিটাল অর্থনীতিতে মোট ১০০ কোটি ডলারের এফডিআই আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

নিউইয়র্কে আয়োজিত সম্মেলনে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি। সম্মেলনে সংযুক্ত আরব আমিরাত সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ব্ল্যাকরক, রথসচাইল্ড, আন্তর্জাতিক অর্থ সংস্থা (আইএফসি) ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ভিওন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান তেরজিওগ্লো বলেন, বাংলাদেশের ডিজিটাল রূপান্তর দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে ভিওন ২৫ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সম্পৃক্ত করে বাংলাদেশে ১০০ কোটি ডলারের এফডিআই আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলালিংকের মাধ্যমে ভিওন শুধু কানেক্টিভিটিই নয়, ডিজিটাল সেবার পরিধিও সম্প্রসারণ করছে। এর ফলে গ্রাহকেরা অর্থ পরিশোধ, বিভিন্ন সেবা গ্রহণ এবং দেশের অর্থনীতিতে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।

ভিওনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অগি কে ফাবেলা বলেন, ডিজিটাল সম্ভাবনা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে এখনো যথেষ্টভাবে পরিচিত নয়—এমন দেশগুলোতে ভিওন বিনিয়োগ করছে। বাংলাদেশের বিপুল জনসংখ্যা, তরুণ জনগোষ্ঠী এবং দ্রুত বিকাশমান ডিজিটাল অর্থনীতির কারণে দেশটির সামনে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্মেলনে বাংলালিংকের ডিজিটাল সেবা সম্প্রসারণে নেওয়া বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হয়। এর মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে সম্প্রতি স্টারলিংকের ডিরেক্ট-টু-সেল বা স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালুর অনুমোদন পাওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে বলেন, ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংকের রূপান্তরের ক্ষেত্রে নিউইয়র্কের এই সম্মেলন গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। আন্তর্জাতিক বিনিয়োগকারী ও উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।