শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » ব্যাংক ও বীমা | ব্যাবসা-বাণিজ্য » দ্বিতীয় প্রান্তিকে দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে
প্রথম পাতা » ব্যাংক ও বীমা | ব্যাবসা-বাণিজ্য » দ্বিতীয় প্রান্তিকে দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে
১০ বার পঠিত
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দ্বিতীয় প্রান্তিকে দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে

---

 

চলতি বছরের এপ্রিল থেকে জুন—এই তিন মাসে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। এ সময়ে দেশে নিট বিদেশি বিনিয়োগ এসেছে ৩৪ কোটি ৬৯ লাখ ডলার। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে এর পরিমাণ ছিল ৩০ কোটি ৭৬ লাখ ডলার।

রোববার বিদেশি বিনিয়োগের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশে মোট ১১১ কোটি ৩২ লাখ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে। একই সময়ে বিদেশি বিনিয়োগকারীরা তাঁদের বিনিয়োগ থেকে ৭৬ কোটি ৬৩ লাখ ডলার প্রত্যাহার করেছেন। ফলে নিট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯ লাখ ডলারে।

অন্যদিকে, ২০২৫ সালের এপ্রিল-জুন সময়ে দেশে মোট এফডিআই এসেছিল ১০৯ কোটি ৪৭ লাখ ডলার। ওই সময়ে বিদেশি বিনিয়োগকারীরা ৭৮ কোটি ৭১ লাখ ডলার তুলে নেন। এতে নিট এফডিআইয়ের পরিমাণ দাঁড়ায় ৩০ কোটি ৭৬ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে নিট নতুন বিনিয়োগ বা ইক্যুইটি বিনিয়োগ এসেছে ৭ কোটি ৭৪ লাখ ২০ হাজার ডলার। গত বছরের একই সময়ে এ খাতে বিনিয়োগের পরিমাণ ছিল ৮ কোটি ১৩ লাখ ডলার।

এদিকে এপ্রিল-জুন সময়ে পুনর্বিনিয়োগ করা আয় থেকে নিট এফডিআই এসেছে ২৬ কোটি ৯ লাখ ডলার। ২০২৫ সালের একই সময়ে এ খাতে বিনিয়োগ এসেছিল ১৬ কোটি ৮২ লাখ ডলার। অন্যদিকে, আন্তকোম্পানি ঋণের মাধ্যমে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এসেছে ৮৬ লাখ ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ৫ কোটি ৮১ লাখ ডলার।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের একই সময়ে নিট নতুন ইক্যুইটি বিনিয়োগ কমেছে ৪ দশমিক ৭৭ শতাংশ। আন্তকোম্পানি ঋণ থেকে বিনিয়োগের প্রবাহ কমেছে ৮৫ দশমিক ১৭ শতাংশ। তবে পুনর্বিনিয়োগ করা আয়ের মাধ্যমে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ৫৫ দশমিক ০০৮ শতাংশ।

বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের উল্লেখযোগ্য অংশ আসে আগে থেকে দেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি কোম্পানিগুলোর মুনাফা পুনরায় বিনিয়োগের মাধ্যমে।

প্রথম প্রান্তিকের তুলনায় নিট বিনিয়োগ কমেছে ২২.৪৪%

চলতি বছরের প্রথম তিন মাসে, অর্থাৎ জানুয়ারি-মার্চ সময়ে দেশে মোট ১১০ কোটি ৪৩ লাখ ডলারের এফডিআই এসেছিল। এর মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা ৬৫ কোটি ৭০ লাখ ডলার প্রত্যাহার করেন। ফলে ওই প্রান্তিকে নিট এফডিআইয়ের পরিমাণ দাঁড়ায় ৪৪ কোটি ৭৩ লাখ ১০ হাজার ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ ছিল ৪৩ দশমিক ৮৪ শতাংশ কম।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ ২২ দশমিক ৪৪ শতাংশ হ্রাস পেয়েছে।

২০২৫ সালের জানুয়ারি-মার্চ সময়ে দেশে মোট ১৫৭ কোটি ৮৩ লাখ ডলারের এফডিআই এসেছিল। এর মধ্যে বিনিয়োগকারীরা ৭৮ কোটি ১৭ লাখ ডলার তুলে নেন। সে হিসাবে গত বছরের প্রথম প্রান্তিকে নিট এফডিআইয়ের পরিমাণ ছিল ৭৯ কোটি ৬৬ লাখ ডলার।

গত কয়েক বছর ধরে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রবাহে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তবে রাজনৈতিক অস্থিরতা, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সীমাবদ্ধতাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ২০২৫ সালে নিট এফডিআই ৩৯ দশমিক ৩৫ শতাংশ বৃদ্ধি পায়।

সে সময় বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে পুনর্বিনিয়োগ করা আয় ও আন্তকোম্পানি ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দেশে নিট এফডিআইয়ের পরিমাণ ছিল ১৭৭ কোটি ৪ লাখ ডলার। আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে এর পরিমাণ ছিল ১২৭ কোটি ৪ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছিল ৫০ কোটি ডলার।