শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » বিদেশে উচ্চশিক্ষা | শিক্ষা | শিক্ষাঙ্গন » নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ছে, আসছে নতুন ভিসা
প্রথম পাতা » বিদেশে উচ্চশিক্ষা | শিক্ষা | শিক্ষাঙ্গন » নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ছে, আসছে নতুন ভিসা
২২ বার পঠিত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ছে, আসছে নতুন ভিসা

---

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষ করার পর কাজের সুযোগ আরও সম্প্রসারিত করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে নির্দিষ্ট গ্র্যাজুয়েটদের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতার পরিধি বাড়ানো হবে। পাশাপাশি যারা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার শর্ত পূরণ করতে পারবেন না, তাদের জন্য চালু হচ্ছে ছয় মাস মেয়াদি নতুন ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’।

যেসব গ্র্যাজুয়েট পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা পাবেন

পরিবর্তিত নিয়মে লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার আবেদন করতে পারবেন। এজন্য নিউজিল্যান্ডে থেকে পুরো গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সটি পূর্ণকালীনভাবে সম্পন্ন করতে হবে।

কোর্সের মধ্যে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে নেওয়া ক্রেডিট কিংবা আগের পড়াশোনার ভিত্তিতে পাওয়া ক্রেডিট এ ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। একইভাবে রিকগনিশন অব প্রায়োর লার্নিংয়ের মাধ্যমে অর্জিত ক্রেডিটও যোগ্যতা নির্ধারণে বিবেচনা করা হবে না।

আবেদনকারীর স্নাতক ডিগ্রি নিউজিল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় অথবা বিদেশি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত হতে পারে। এই ডিগ্রি কখন সম্পন্ন করা হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা রাখা হয়নি।

বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত স্নাতক ডিগ্রির জন্য ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন অ্যাসেসমেন্ট (আইকিউএ) প্রয়োজন হবে না। তবে ভিসার আবেদন করার সময় স্নাতক ডিগ্রির সনদ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিশিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।

ছয় মাসের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’

পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা অর্জন করতে না পারা নির্দিষ্ট গ্র্যাজুয়েটদের জন্য নতুন ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’ চালু করবে নিউজিল্যান্ড। এই ভিসার আওতায় সর্বোচ্চ ছয় মাস খোলামেলাভাবে কাজ করার অনুমতি থাকবে।

লেভেল ৫ থেকে ৭-এর মধ্যে কোনো যোগ্যতাসম্পন্ন কোর্স নিউজিল্যান্ডে অন্তত ২৪ সপ্তাহ পূর্ণকালীনভাবে পড়াশোনা করে শেষ করলে এই ভিসার আবেদন করা যাবে। তবে নিজের জীবনযাত্রার ব্যয় বহনের সক্ষমতা হিসেবে আবেদনকারীর কাছে কমপক্ষে পাঁচ হাজার নিউজিল্যান্ড ডলার থাকতে হবে। শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন ভিসার আবেদন করতে হবে।

থাকছে নতুন ভিসায় কিছু বিধিনিষেধ

শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসার মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ থাকবে না। একই ব্যক্তিকে এই ভিসা একবারের বেশি দেওয়া হবে না।

এই ভিসায় থাকা ব্যক্তি নিজস্ব ব্যবসার মালিক হতে পারবেন না। এ ছাড়া এই ভিসার ভিত্তিতে তাঁর সঙ্গীর জন্য ওয়ার্ক ভিসা কিংবা সন্তানের জন্য ডিপেনডেন্ট চাইল্ড স্টুডেন্ট ভিসার আবেদনও করা যাবে না।

আবেদন নেওয়া শুরু ১৬ নভেম্বর

নতুন নিয়মের আওতায় পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা ও শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসাদুটির আবেদন গ্রহণ শুরু হবে ১৬ নভেম্বর ২০২৬ থেকে। নিউজিল্যান্ডের ইনহ্যান্সড ইমিগ্রেশন অনলাইন ব্যবস্থার মাধ্যমে আবেদন করা যাবে।

 



আর্কাইভ