শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » বৃত্তি | শিক্ষা | শিক্ষাঙ্গন » এসএসসি উত্তীর্ণদের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তি, ২ বছর মিলবে মাসে ২,৫০০ টাকা
এসএসসি উত্তীর্ণদের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তি, ২ বছর মিলবে মাসে ২,৫০০ টাকা
![]()
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে শিক্ষাবৃত্তি দিয়ে আসছে ডাচ্-বাংলা ব্যাংক। উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পরিচালিত এ কার্যক্রমের অংশ হিসেবে এবার ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার জন্য এ বৃত্তি দেওয়া হবে। আগ্রহীরা ৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বৃত্তির আবেদনে যেসব যোগ্যতা লাগবে
এসএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় বাদ দিয়ে সিটি করপোরেশন এলাকার স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জিপিএ-৫ থাকতে হবে। জেলা শহর এলাকার স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণদের ক্ষেত্রেও জিপিএ-৫ প্রয়োজন। তবে গ্রামীণ ও অনগ্রসর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ হতে হবে ৪ দশমিক ৮৩।
বৃত্তির জন্য ডাচ্-বাংলা ব্যাংক কয়েকটি বিশেষ শর্তও দিয়েছে। সরকারি বৃত্তি ছাড়া অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।
এ ছাড়া গ্রামীণ ও অনগ্রসর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মোট বৃত্তির ৯০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্রীদের দেওয়ার কথা জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
বৃত্তির অর্থ কত
এইচএসসি পর্যায়ে শিক্ষার্থীদের দুই বছর ধরে এ বৃত্তির আওতায় আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে বৃত্তি পাবেন শিক্ষার্থীরা। পাশাপাশি পাঠ্য উপকরণ কেনার জন্য বছরে ২ হাজার ৫০০ টাকা এবং পোশাক-পরিচ্ছদের জন্য বছরে ১ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।
বৃত্তির জন্য যোগ্য ও আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ডাচ্-বাংলা ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইট -এ প্রবেশ করতে হবে। আবেদনের সময় আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এবং এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি জমা দিতে হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ সময়সূচি
—আবেদনের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬।
—প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২২ সেপ্টেম্বর ২০২৬ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
—প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ডাচ্-বাংলা ব্যাংকের ওয়েবসাইট থেকে ‘Primary Selection Letter’ এবং দেওয়া নির্দেশিকার প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় সব কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ব্যাংকের যেকোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে যেতে হবে। এ যাচাই কার্যক্রম চলবে ২৩ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
চূড়ান্ত ফলাফল ডাচ্-বাংলা ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে সরাসরি, ডাকযোগে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না।






নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে ওয়েবিনার
নর্দান ইউনিভার্সিটির ২২ শিক্ষার্থী পেলেন চীন সরকারের শিক্ষাবৃত্তি
বিশ্বের কিছু নাম করা স্কলারশিপ এর নাম এবং দরখাস্ত করার সময়
আরটিপি স্কলারশিপ ২০২০-২০২১ এর আবেদন প্রক্রিয়া শুরু
সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির স্কলারশিপ
কমনওয়েলথ বৃত্তি
মাস্টার্সের কমনওয়েলথ ২০১৯ স্কলারশিপের জন্য আবেদন
চিলিতে জাতিসংঘের ক্লাইমেট চেঞ্জের প্রোগ্রামের ফেলোশিপের সুযোগ 