সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আন্তর্জাতিক | বিদেশে উচ্চশিক্ষা » যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের কর্মসূচিতে নতুন চাপ, ওপিটিতে ৭০ হাজার ডলার ফি প্রস্তাব
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের কর্মসূচিতে নতুন চাপ, ওপিটিতে ৭০ হাজার ডলার ফি প্রস্তাব

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুযোগ সীমিত করার লক্ষ্যে নতুন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) শিক্ষার্থীদের জন্য প্রচলিত ‘অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং’ (ওপিটি) কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব দিয়েছে। বিদেশি শিক্ষার্থী ও অভিবাসন নিয়ন্ত্রণে প্রশাসনের চলমান কঠোর অবস্থানের অংশ হিসেবে গতকাল বুধবার এ প্রস্তাব সামনে আনা হয়।
প্রস্তাব অনুযায়ী, কোনো শিক্ষার্থী ওপিটি কর্মসূচিতে অংশ নিলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। এ কর্মসূচির আওতায় সাধারণত শিক্ষার্থীরা এক বছর কাজের অনুমতি পান। তবে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) বিষয়ে ডিগ্রিধারীরা অতিরিক্ত দুই বছর কাজ করার সুযোগ পেয়ে থাকেন। নতুন আবেদনের ক্ষেত্রে ৭০ হাজার ডলার এবং প্রতিটি পরবর্তী নবায়নের জন্য ৩০ হাজার ডলার ফি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
নিয়মটি চূড়ান্ত করার আগে প্রস্তাবটির ওপর ৬০ দিন জনমত গ্রহণ করা হবে। তবে উচ্চশিক্ষা ও ব্যবসায়িক খাতের বিভিন্ন সংগঠন এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে। সে ক্ষেত্রে প্রস্তাবিত বিধান কার্যকর হতে আরও সময় লাগার আশঙ্কা রয়েছে।
ডিএইচএসের ভাষ্য, ভিসা কর্মসূচির অপব্যবহার বন্ধ করতেই এ ধরনের ফি আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থাটির দাবি, ওপিটি কর্মসূচিকে কম খরচে বিদেশি কর্মী নিয়োগের একটি মাধ্যমে পরিণত করা হচ্ছিল।
অন্যদিকে, শিক্ষা ও অভিবাসন খাতের প্রতিনিধিরা এ প্রস্তাবের বিরোধিতা করছেন। আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক সংস্থা নাফসার প্রধান নির্বাহী ফান্তা আও বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের মেধা, দৃষ্টিভঙ্গি ও উচ্চাকাঙ্ক্ষাকে দূরে সরিয়ে দিলে যুক্তরাষ্ট্রের উদ্ভাবন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মশক্তির উন্নয়ন এবং বৈশ্বিক নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের আরেকটি কর্মসূচি ‘কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং’ (সিপিটি) নিয়েও বিধিনিষেধ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কোনো ডিগ্রি সম্পন্ন করার বাধ্যতামূলক শর্ত হিসেবে প্রশিক্ষণটি অন্তর্ভুক্ত থাকলেই কেবল এ কর্মসূচির অনুমোদন দেওয়া উচিত। গত সোমবার এ নির্দেশনাকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছে।






নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
নেদারল্যান্ডসে স্নাতকোত্তরে পূর্ণ অর্থায়নের বৃত্তি, আবেদন শেষ ১ ফেব্রুয়ারি
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
কার্ডে বৈদেশিক মুদ্রার খরচ বেড়েছে
শিক্ষা ব্যবস্থায় বিশ্ব র্যাং কিং সম্পর্কে যা বললেন শিক্ষামন্ত্রী
৪৮ দেশের শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে: সেভ দ্য চিলড্রেন
স্কুলে ফিরল ফ্রান্সের শিক্ষার্থীরা
হারিকেন ‘আইডা’র আঘাতে যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিপর্যয়
পর্তুগালে বিশ্বের জনপ্রিয় প্রযুক্তি সম্মেলন শিগগিরই 