শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » প্রবাস | বিদেশে উচ্চশিক্ষা » তাইওয়ানে উচ্চশিক্ষায় স্কলারশিপ, বছরে মিলবে সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার এনটিডি
প্রথম পাতা » প্রবাস | বিদেশে উচ্চশিক্ষা » তাইওয়ানে উচ্চশিক্ষায় স্কলারশিপ, বছরে মিলবে সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার এনটিডি
১০ বার পঠিত
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তাইওয়ানে উচ্চশিক্ষায় স্কলারশিপ, বছরে মিলবে সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার এনটিডি

---

 

তাইওয়ানে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘চুং হুয়া রোটারি এডুকেশনাল ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৭’-এ আবেদন গ্রহণ চলছে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে তাইওয়ানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ২০ অক্টোবর ২০২৬। রোটারি ইন্টারন্যাশনাল তাইওয়ান ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এ বৃত্তির উদ্দেশ্য মেধাবী ও আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় আর্থিক সহায়তা দেওয়া। পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়, সেবা ও শান্তির মূল্যবোধকে উৎসাহিত করাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

বৃত্তির আওতায় যা মিলবে

এ বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি ও গবেষণার ব্যয়ে আর্থিক সহায়তা দেওয়া হবে। ডিগ্রির ধরন অনুযায়ী বছরে ১ লাখ ৩৫ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার নিউ তাইওয়ান ডলার পর্যন্ত বৃত্তি পাওয়া যাবে।

এর পাশাপাশি টিউশন, বই, আবাসন ও দৈনন্দিন জীবনযাপনের ব্যয়ও বৃত্তির আওতায় থাকবে। প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর জন্য একটি রোটারি ক্লাব এবং একজন পরামর্শক নির্ধারণ করা হবে। তাঁরা শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা রোটারির বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা সভা ও সাবেক শিক্ষার্থীদের কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বৃত্তির সময়কালে অন্তত একটি আলোচনা বা কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক। ২০২৭ সালের মে মাসের শেষ নাগাদ পড়াশোনা ও তাইওয়ানে অবস্থানের অভিজ্ঞতা তুলে ধরে একটি প্রতিবেদন জমা দিতে হবে।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে তাইওয়ানের কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে ভর্তি থাকতে হবে।
  • আবেদনের সময় বয়স ৩৫ বছরের কম হতে হবে।
  • আবেদনকারী রোটারিয়ান, কোনো রোটারিয়ানের সরাসরি বংশধর বা রোটার‍্যাক্টর হতে পারবেন না।
  • বৃত্তির মেয়াদে অন্য কোনো বৃত্তি গ্রহণ করা যাবে না।
  • ভালো একাডেমিক ফলাফলের পাশাপাশি নেতৃত্বের সম্ভাবনা এবং সামাজিক বা স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।

যেসব নথি জমা দিতে হবে

আবেদনের সঙ্গে অনলাইনে পূরণ করা আবেদনপত্রের দুই কপি, হালনাগাদ জীবনবৃত্তান্ত এবং বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে। পাশাপাশি আত্মজীবনী, উচ্চশিক্ষার উদ্দেশ্য এবং বিভিন্ন কার্যক্রম বা স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ জমা দিতে হবে।

এ ছাড়া প্রয়োজন হবে—

  • শিক্ষকের বা তত্ত্বাবধায়কের সুপারিশপত্র
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • ভর্তি বা অধ্যয়নরত থাকার প্রমাণপত্র
  • পাসপোর্ট ও এলিয়েন রেসিডেন্ট সার্টিফিকেটের (এআরসি) কপি
  • গত এক বছরের মধ্যে তোলা দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি
  • সংশ্লিষ্ট শিক্ষকের স্বাক্ষরসহ গবেষণা প্রস্তাব
  • বৃত্তির অর্থ কীভাবে ব্যয় করা হবে, তার বাজেট পরিকল্পনা

আবেদনের প্রক্রিয়া

প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপি নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের আন্তর্জাতিক ভর্তি বিভাগে জমা দিতে হবে। আবেদনকারীদের নথিপত্র যাচাই শেষে প্রাথমিকভাবে নির্বাচিতদের সাক্ষাৎকারের জন্য ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হবে। নির্বাচিত না হলে আবেদনকারীকে আলাদাভাবে জানানো হবে না। বৃত্তিটি এনডিএইচইউ অ্যাওয়ার্ড, এনডিএইচইউ সাউথবাউন্ড স্কলারশিপ, এনডিএইচইউ এলিট স্কলারশিপ, এনডিএইচইউ এক্সিলেন্ট পিএইচডি স্কলারশিপ, এমওই এলিট স্কলারশিপ, এমওই তাইওয়ান স্কলারশিপ এবং এমওএফএ তাইওয়ান স্কলারশিপের সঙ্গে সাংঘর্ষিক নয়। এখানে ক্লিক করে বিস্তারিত দেখে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৬।



আর্কাইভ