শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আন্তর্জাতিক | কারিগরি » কারিগরি শিক্ষা ও চীনা ভাষা শিক্ষায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন
কারিগরি শিক্ষা ও চীনা ভাষা শিক্ষায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন
![]()
বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভিইটি) ব্যবস্থার আধুনিকায়ন, দক্ষ জনশক্তি তৈরি এবং শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন। এ লক্ষ্যে প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার এবং আন্তর্জাতিক মানের দক্ষতা উন্নয়নে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে চীনের কারিগরি শিক্ষার মানদণ্ড অনুসরণ করে ডিপ্লোমা ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা, শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম স্থাপন এবং দেশজুড়ে চীনা ভাষা শিক্ষার সুযোগ বাড়ানোসহ সহযোগিতার ৯টি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে।
চীনের তিয়ানজিনে আয়োজিত ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’-এর সাইডলাইনে গতকাল রাতে বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অন্যদিকে চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির শিক্ষা উপমন্ত্রী রেন ইয়ৌছুন।
এ সময় চীনের ভাষা শিক্ষা ও সহযোগিতা কেন্দ্রের মহাপরিচালক ইউ ইউনফেং, আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় বিভাগের উপমহাপরিচালক লিউ ইয়ং এবং কারিগরি ও প্রাপ্তবয়স্ক শিক্ষা বিভাগের উপমহাপরিচালক চি ইয়ানওয়েই উপস্থিত ছিলেন।
আলোচনায় শিক্ষামন্ত্রী ড. মিলন দেশের কারিগরি শিক্ষাব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন স্থানে চীনা মানদণ্ড অনুসরণে ডিপ্লোমা ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় চীনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কারিগরি সহায়তা ও অবকাঠামোগত সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে একাধিক প্রস্তাব দেন। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে চীনা সরকারের সহযোগিতায় বাংলাদেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম স্থাপন, সব কারিগরি কলেজে ‘চীনা ভাষা + কারিগরি দক্ষতা উন্নয়ন’ শীর্ষক বিশেষ কোর্স চালু এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কেন্দ্র গড়ে তোলা।
বাংলাদেশের এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে চীনের শিক্ষা উপমন্ত্রী রেন ইয়ৌছুন দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি টিভিইটি ব্যবস্থার সংস্কার, স্মার্ট ক্লাসরুম নির্মাণ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়ন এবং জাতীয় পর্যায়ে চীনা ভাষা শিক্ষার বিস্তারে চীন সরকারের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
শিক্ষা সহযোগিতার ৯টি প্রধান ক্ষেত্র
১. কারিগরি শিক্ষার উন্নয়ন, পাঠ্যক্রম প্রণয়ন ও পরিমার্জন, শিক্ষক প্রশিক্ষণ এবং জাতীয় দক্ষতা সনদায়নের বিষয়গুলো সমন্বিতভাবে এগিয়ে নিতে ‘বাংলাদেশ-চীন যৌথ টিভিইটি দল’ গঠন করা হবে।
২. চীনের কারিগরি সহায়তা, আধুনিক পরীক্ষাগার এবং শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণে বাংলাদেশে মডেল প্রদর্শনীমূলক টিভিইটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
৩. চীনা বিশেষজ্ঞদের মাধ্যমে বাংলাদেশের বিদ্যমান কারিগরি কলেজগুলোর মান ও পরিচালনপদ্ধতি পর্যালোচনা করা হবে। মূল্যায়নের ভিত্তিতে এসব প্রতিষ্ঠানের গুণগত উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।
৪. চীনা শিল্পপ্রতিষ্ঠান ও বাংলাদেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব গড়ে তুলে শিক্ষা কার্যক্রমের সঙ্গে শিল্পখাতের সরাসরি সংযোগ বাড়ানো হবে।
৫. প্রকৌশল, উৎপাদন, নির্মাণ, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সেবাখাতকে অন্তর্ভুক্ত করে দেশব্যাপী ‘চীনা ভাষা + কারিগরি দক্ষতা’ভিত্তিক সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে।
৬. শিক্ষার্থীদের পেশাগত প্রশিক্ষণ, আনুষ্ঠানিক সনদ অর্জন, শিল্পকারখানায় ইন্টার্নশিপ এবং দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগ তৈরিতে একটি পূর্ণাঙ্গ উন্নয়ন রোডম্যাপ প্রণয়ন করা হবে।
৭. বাংলাদেশের কারিগরি শিক্ষকদের পাশাপাশি শিক্ষা প্রশাসনে নিয়োজিত কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রতিবছর শিক্ষক বিনিময় ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
৮. বাংলাদেশের ও চীনের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী ও একাডেমিক বিনিময় এবং উচ্চশিক্ষাবিষয়ক সহযোগিতার পরিধি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করা হবে।
৯. স্নাতকদের কর্মসংস্থানের অবস্থা, গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন এবং দ্বিপক্ষীয় সহযোগিতার সামগ্রিক ফলাফল যাচাই করতে একটি আনুষ্ঠানিক পর্যবেক্ষণ ও মূল্যায়ন কাঠামো প্রতিষ্ঠা করা হবে।
বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিরা সম্মত উদ্যোগগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের বিষয়ে নিজেদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।






নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের কর্মসূচিতে নতুন চাপ, ওপিটিতে ৭০ হাজার ডলার ফি প্রস্তাব
নেদারল্যান্ডসে স্নাতকোত্তরে পূর্ণ অর্থায়নের বৃত্তি, আবেদন শেষ ১ ফেব্রুয়ারি
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
কার্ডে বৈদেশিক মুদ্রার খরচ বেড়েছে
শিক্ষা ব্যবস্থায় বিশ্ব র্যাং কিং সম্পর্কে যা বললেন শিক্ষামন্ত্রী
৪৮ দেশের শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে: সেভ দ্য চিলড্রেন
স্কুলে ফিরল ফ্রান্সের শিক্ষার্থীরা
হারিকেন ‘আইডা’র আঘাতে যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিপর্যয় 