রবিবার, ৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় » শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ
শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ

আন্তর্জাতিক র্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় থাকা বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে শাখা স্থাপন করতে চাইলে অনুমোদনের সুযোগ তৈরি করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতি আয়োজিত ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি এডুকেশন হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ক্রস বর্ডার এডুকেশন সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডে বিশ্বের শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় থাকা কোনো বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশে শাখা স্থাপনে আগ্রহী হলে তাদের অনুমোদন দেওয়ার ব্যবস্থা করা হবে।
এ জন্য বিদ্যমান বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের প্রয়োজন হবে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে খ্যাত বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে কার্যক্রম শুরু করলে দেশের শিক্ষার্থীদের বিদেশে না গিয়েও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বাড়বে।
অনুষ্ঠানে দেশে পাঠ্যপুস্তকের গুণগত মান নিয়েও বক্তব্য দেন মন্ত্রী। তিনি জানান, নিম্নমানের বই সরবরাহের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাঠ্যবইয়ের মান নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। ইতোমধ্যে মানহীন হিসেবে চিহ্নিত বই বাতিল করে ধ্বংস করা হয়েছে।
পাঠ্যবই মুদ্রণের ক্ষেত্রে কাগজ, কালি ও ছাপাখানার সক্ষমতা ও মান—কোনো ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। দেশীয় মুদ্রণশিল্পকে উৎসাহিত করার অংশ হিসেবে চলতি বছর বিদেশি কোনো প্রতিষ্ঠানকে বই ছাপানোর দায়িত্ব দেওয়া হয়নি। সময়ের মধ্যে মানসম্পন্ন পাঠ্যবই প্রস্তুত করার সক্ষমতা দেশের মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বর্তমানে দেশের ১৫০টি উপজেলায় এই কর্মসূচি চালু আছে। পর্যায়ক্রমে এটি সারাদেশে চালু করার পরিকল্পনা রয়েছে।
মিড-ডে মিল কর্মসূচিতে কুপন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীরা কুপন ব্যবহার করে ক্যান্টিন থেকে তাদের পছন্দ অনুযায়ী খাবার সংগ্রহ করতে পারবে। খাবারের তালিকায় বৈচিত্র্য আনার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের যুক্ত করে খাদ্য সরবরাহের ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। শুরুতে কয়েকটি জেলায় পরীক্ষামূলকভাবে কার্যক্রম চালিয়ে পরে তা সারাদেশে সম্প্রসারণ করা হবে।
কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিশ্বের পরিবর্তিত বাস্তবতায় দক্ষ জনশক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই নতুন সিলেবাস তৈরির কাজ চলছে এবং দেশের প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানে তৃতীয় ভাষা শেখানোর ব্যবস্থাও চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সৌদি আরবেও টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
পরীক্ষা পদ্ধতিতেও পরিবর্তন আনার পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, ভবিষ্যতে পরীক্ষার জন্য দুটি সেট প্রশ্নপত্র আলাদা দুটি স্থান থেকে প্রস্তুত করা হবে। এর একটি তৈরি করবে বিজি প্রেস এবং অপরটি আর্মি সিকিউরিটি প্রেস। নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়া হবে, যাতে পরীক্ষার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অতিরিক্ত সময় নষ্ট না হয় এবং বর্ষাকালে সম্ভাব্য দুর্যোগজনিত সমস্যাও এড়ানো যায়।
পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি। বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই পুনর্মূল্যায়ন পদ্ধতিতে এই পরিবর্তন করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
কচুয়ার উন্নয়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি তৈরির জন্য কারিগরি ও উৎপাদনমুখী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া জরুরি। কচুয়ার শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি কচুয়ার প্রতিটি খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে ‘শেডো মিনিস্টার’ ও বিভিন্ন কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম প্রধান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নাজমুন নাহার বেবি। অনুষ্ঠানে কচুয়ার বিশিষ্ট ব্যক্তি, শিক্ষাবিদ, কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় কচুয়ার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাও দেওয়া হয়।






টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস 