শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় » দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এক বছর মেয়াদ পূর্তি উপলক্ষে নিজেদের কার্যক্রম ও জবাবদিহিতার বিস্তারিত তথ্য তুলে ধরেছেন নির্বাচিত নেতারা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডাকসু ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ভিপি আবু সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে ডাকসুর অন্যান্য নির্বাচিত নেতারাও উপস্থিত ছিলেন।
ডাকসুর নেতারা জানান, দায়িত্ব পালনকালে পরিবহন, আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, গবেষণা, ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষার্থীদের আইনি সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন তারা। তবে প্রশাসন ও সরকারের অসহযোগিতার কারণে কয়েকটি উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলেও দাবি করেন তারা।
অনুষ্ঠানে ভিপি আবু সাদিক কায়েম বলেন, দায়িত্ব নেওয়ার পর পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং সেবার পরিধি বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাঁচটি নতুন হল ও ১০টি ভবন নির্মাণ, শাটল সার্ভিস চালু, মেডিকেল সেন্টার ও কেন্দ্রীয় মসজিদ আধুনিকায়নের উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি বলেন, উচ্চশিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ড্রাইভিং প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এক বছরে ৪০০’র বেশি শিক্ষার্থীকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। বিভিন্ন হলে ছাড়পোকা ও মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। হল সংস্কারের জন্য বাজেটও আদায় করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সাদিক কায়েম জানান, বিশ্ববিদ্যালয়ের ১৩টি হলের রিডিংরুমে এসি স্থাপন ও আধুনিকায়নের কাজ করা হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা এখনো বাস্তবায়নের অপেক্ষায়। পাশাপাশি মাতৃত্বকালীন ছুটি, ডে-কেয়ার ও জিমনেসিয়াম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রেস্টফিডিং রুম ও ডে-কেয়ারের জন্য বাজেট আনার কথাও জানান তিনি।
ছাত্রীদের হলগুলোর বিভিন্ন সমস্যা সমাধানেও উদ্যোগ নেওয়ার কথা জানান ডাকসুর নেতারা। যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে বিভিন্ন করণীয় প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি যৌন হয়রানি ও সাইবার বুলিংয়ের শিকার শতাধিক শিক্ষার্থীকে আইনি সহায়তা, কমিটি গঠনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন ভিপি।
তিনি আরও জানান, বিভিন্ন কমনরুম আধুনিকায়ন, গবেষণা ও উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং সহযোগিতামূলক নানা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মেডিকেল সেন্টার আধুনিকায়নের পাশাপাশি মানসিক স্বাস্থ্যসহ স্বাস্থ্যসেবা খাতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
সংস্কৃতি ও প্রকাশনা খাতে বিষয়ভিত্তিক সাহিত্য, সাময়িকী ও বই প্রকাশের কার্যক্রম চলছে বলে জানান ডাকসুর নেতারা। সুফিয়া কামাল হলের ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজ ও একটি যাত্রীছাউনি অপসারণ এবং আরেকটি যাত্রীছাউনি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বহিরাগত নিয়ন্ত্রিত ক্যাম্পাস বাস্তবায়নেও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়। একই সঙ্গে ক্যাম্পাসে চলাচলকারী বিভিন্ন বাহনের চালকদের তালিকা, পোশাক ও ভাড়ার চার্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
ডাকসুর নেতারা আরও জানান, ক্যাম্পাসের আটটি গেটে ট্রাফিক সহায়তার জন্য ডিএমপির সঙ্গে সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সরকার পরিবর্তনের পর প্রকল্পটি স্থগিত রয়েছে বলে তারা জানান।
ক্রীড়া ও খাদ্যসেবার ক্ষেত্রেও বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ডাকসুর নেতারা। তারা বলেন, শারীরিক শিক্ষা কেন্দ্র আধুনিকায়ন এবং বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা এবং ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনের মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। টিএসসিতে স্বল্পমূল্যে খাবারের ব্যবস্থা করা সম্ভব হলেও স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রিসহ কয়েকটি উদ্যোগ এখনো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।
পরিবেশ সংরক্ষণ ও গ্রিন ক্যাম্পাস গড়ার ক্ষেত্রেও বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন তারা। ডাস্টবিন স্থাপন, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডাকসুর নেতারা।
শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর বিষয়ে নেতারা বলেন, এ বিষয়ে এসএমটি ও একাডেমিক কাউন্সিলের অনুমোদনের পর বিষয়টি সিন্ডিকেটে উত্থাপন করা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এটি এখনো বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তারা। শিক্ষার্থীদের স্বার্থে ডাকসুর নিজস্ব উদ্যোগে শিক্ষক মূল্যায়নের জন্য অনলাইন সাইট চালু করা হয়েছে বলেও জানান তারা।
রেজিস্ট্রার বিল্ডিংয়ের সেবা সহজ করা, কেন্দ্রীয় লাইব্রেরি সম্প্রসারণ এবং বিভিন্ন লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন ডাকসুর নেতারা। বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অ্যালামনাইদের সম্পৃক্ত করা, মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয় সংস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়ার কথাও জানানো হয়। ফার্স্ট এইড বুট ক্যাম্পের মাধ্যমে হলের সিকবয় ও কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, আন্তর্জাতিক মানবাধিকার ইস্যুতে অবস্থান, হল সংসদ ও সামাজিক সংগঠনগুলোর কার্যক্রম সমন্বয় এবং জাতীয় দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস পালনের কথা জানান তারা। বিভিন্ন রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের কথাও প্রতিবেদনে তুলে ধরা হয়।
সিনেটে ডাকসুর প্রতিনিধিত্বের বিষয়টিও তুলে ধরেন নেতারা। তারা বলেন, বিভিন্ন স্থাপনা থেকে ঐতিহাসিকভাবে বিতর্কিত ব্যক্তিদের নাম অপসারণের দাবিতে সিনেট অধিবেশন থেকে ডাকসুর নেতারা ওয়াকআউট করেন। এক বছরে দুবার ডাকসুর সব সদস্য ও হল সংসদের সদস্যরা একসঙ্গে বসে নিজেদের কার্যক্রমের বিবরণ দিয়েছেন বলেও জানান তারা।
ডাকসুর নেতাদের দাবি, দায়িত্ব পালনকালে ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও একদিনের জন্য ক্লাস বা পরীক্ষা স্থগিত হয়নি। একই সময়ে ডাকসু ভবনের সংস্কারকাজও সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তারা।
তবে বেশ কিছু উদ্যোগ এখনো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে বলে জানান ডাকসুর নেতারা। তাদের ভাষ্য, সব হলে কম্পিউটার ল্যাব স্থাপন, এআই ও প্রোগ্রামিং প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, সার্টিফিকেশন সহায়তা, ইনোভেশন হাব ও জব ফেয়ারসহ কয়েকটি উদ্যোগ আটকে আছে। মাঠ সংস্কার প্রকল্প ও ডিজিটাল সার্ভের কাজও বন্ধ রয়েছে বলে দাবি করেন তারা।
স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতায় এ এফ রহমান হলের প্রবেশদ্বার, ডাকসু ক্যাফেটেরিয়া সংস্কার, পুকুরপাড় বাঁধাই, ওয়াকওয়ে, লাইটিং ও সৌন্দর্যবর্ধনসহ পাঁচটি প্রকল্পও এখনো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে বলে জানান ডাকসুর নেতারা।
এ ছাড়া রেজিস্টার্ড রিকশা চালু, পুলিশ কর্মকর্তা নিয়োগ এবং পুরোনো যানবাহন নিলামে দিয়ে দুটি মিনিবাস ও দুটি মাইক্রোবাস কেনার উদ্যোগ অনুমোদনের পরও বাস্তবায়িত হয়নি বলে দাবি করেন ডাকসুর নেতারা। এসব উদ্যোগ বাস্তবায়নে প্রশাসন ও সরকারের অসহযোগিতার অভিযোগও করেন ডাকসুর ভিপি ও জিএস।






জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান
ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং” 