রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
![]()
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২৭ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে পূর্ণকালীন এবং খণ্ডকালীন গবেষক ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) গিয়ে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।
গত ৩ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি বিষয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ৫ জন করে গবেষককে ফেলোশিপ দেওয়া হবে। পিএইচডি প্রোগ্রামে পর্যাপ্ত প্রার্থী না থাকলে ওই প্রোগ্রামের জন্য নির্ধারিত ফেলোশিপ এমফিল প্রোগ্রামের সঙ্গে যুক্ত ও সমন্বয় করা হবে। একইভাবে এমফিল প্রোগ্রামে প্রার্থী না থাকলে নির্ধারিত ফেলোশিপ পিএইচডি প্রোগ্রামের সঙ্গে সমন্বয় করা হবে। এমফিল গবেষকদের মাসে ১৫ হাজার টাকা এবং পিএইচডি গবেষকদের মাসে ২০ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে।
এমফিল প্রোগ্রামের প্রাথমিক আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা। পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে এ ফি ২ হাজার টাকা।
আবেদন ফরম পূরণের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদনকারীদের ১১ অক্টোবরের মধ্যে অনলাইন থেকে প্রাথমিক আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে। উভয় প্রোগ্রামেই ৫ জন করে ফেলোশিপ পাবেন।
গবেষণার ক্ষেত্রে বাংলাদেশের সমাজের চাহিদা ও উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য, জাতিরাষ্ট্র গঠনের প্রক্রিয়া, মহান মুক্তিযুদ্ধ, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও সম্প্রসারণ এবং শিক্ষা ও সামাজিক চ্যালেঞ্জ-সংশ্লিষ্ট গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হবে।
এমফিলে ভর্তির যোগ্যতা
- এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ ২.৭৫ থাকতে হবে। পাশাপাশি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর—উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
অথবা
- ৩ বছর মেয়াদি স্নাতক (পাস) ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় পৃথকভাবে অন্তত ৫৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.৭৫ থাকতে হবে। তবে বাংলা ও ইংরেজি বিষয়ের প্রার্থীদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.৫০ পাওয়া স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
পিএইচডিতে ভর্তির যোগ্যতা
- জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা বাংলাদেশের অন্য যেকোনো পাবলিক ও প্রাইভেট (ইউজিসি অনুমোদিত) বিশ্ববিদ্যালয় থেকে এমফিল/সমমান ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ ৩.০০ প্রাপ্ত স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। তবে তাঁদের স্বীকৃতমানের জার্নালে অন্তত ১টি গবেষণামূলক প্রকাশনা থাকতে হবে।
অথবা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস অ্যাডভান্সড এমবিএ ও এমএসএস ডিগ্রিধারীদের মধ্যে যাঁদের সিজিপিএ ৩.০০ এবং স্বীকৃত জার্নালে অন্তত একটি গবেষণামূলক প্রকাশনা রয়েছে, তাঁরা পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের অন্যান্য পাবলিক ও প্রাইভেট (ইউজিসি অনুমোদিত) বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষকরা সরাসরি পিএইচডি প্রোগ্রামে আবেদনের সুযোগ পাবেন, যদি তাঁদের শিক্ষাজীবনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তরসহ ন্যূনতম ৩টি প্রথম বিভাগ/শ্রেণি বা সিজিপিএ ৩.০০ থাকে। পাশাপাশি ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং দেশি-বিদেশি স্বীকৃতমানের জার্নালে অন্তত ১টি গবেষণামূলক প্রকাশনা থাকতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীকে ওই গবেষণাপত্রের মূল লেখক বা First Author হতে হবে।
- বাংলা ও ইংরেজি বিষয়ের প্রার্থীদের শিক্ষাজীবনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে যেকোনো ১টিসহ মোট ন্যূনতম ২টি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
- সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বিদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম ও শর্ত অনুসরণ করে পূর্ণকালীন গবেষক হিসেবে এমফিল/পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।
ভর্তির শর্ত
ভর্তিচ্ছু গবেষকদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং শিক্ষাজীবনের বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে।
আবেদনের সময় প্রার্থীকে যথাযথ শিরোনাম নির্ধারণ করে সুনির্দিষ্ট গবেষণা পদ্ধতি অনুসরণে সর্বোচ্চ ২০০০ শব্দের গবেষণা প্রস্তাবনা জমা দিতে হবে। একই সঙ্গে প্রস্তাবিত তত্ত্বাবধায়কের নাম উল্লেখ করতে হবে। ওই গবেষণা প্রস্তাবনার ভিত্তিতেই মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
প্রোগ্রামের মেয়াদ
ক) এমফিল প্রোগ্রামের মেয়াদ এক বছরের কোর্সওয়ার্কসহ মোট দুই বছর। পিএইচডি প্রোগ্রামের মেয়াদ তিন বছর।
খ) এমফিল প্রোগ্রামে ১টি এবং পিএইচডি প্রোগ্রামে ২টি সেমিনার দিতে হবে।
গ) সরাসরি পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের এমফিল গবেষকদের সঙ্গে কোর্সওয়ার্ক সম্পন্ন করতে হবে।
অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও পে স্লিপ ডাউনলোড
ক. আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) গিয়ে Master’s Tab নির্বাচন করতে হবে। এরপর Apply Now (MPhil/PhD) অপশনে ক্লিক করে ওয়েবসাইটে প্রদর্শিত ছকে সংশ্লিষ্ট স্নাতক (পাস)/স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর পরীক্ষার রোল নম্বর, বিশ্ববিদ্যালয়ের নাম, পাসের সন, ব্যক্তিগত মোবাইল নম্বর ও ই-মেইল সঠিকভাবে পূরণ করতে হবে।
ভর্তি পরীক্ষা: লিখিত ও মৌখিক
ক. এমফিল ও পিএইচডি প্রোগ্রামের লিখিত ও মৌখিক পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
খ. মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে গবেষণা প্রস্তাবনা, সব পরীক্ষার সনদ ও নম্বরপত্রের কপি, সোনালি সেবার মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার রশিদের মূলকপি এবং প্রাথমিক আবেদন ফরমের কপি সঙ্গে রাখতে হবে।
গ. ভর্তির সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ফ্যাকাল্টি চেয়ারম্যানের দপ্তরে মূল সনদ ও নম্বরপত্র দেখাতে হবে। ভুল তথ্য দিয়ে মেধাতালিকায় স্থান পাওয়ার পর ভর্তি হলে সংশ্লিষ্ট প্রার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ এবং স্থান পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। ভর্তি বিজ্ঞপ্তির যেকোনো শর্ত বাতিল বা পরিবর্তনের ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
ভর্তি বিজ্ঞপ্তি, অনলাইন আবেদন ফরমসহ ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.nu.ac.bd/admissions -এ পাওয়া যাবে।






জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান
ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং” 