শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » বৃত্তি | শিক্ষা | শিক্ষাঙ্গন » কমনওয়েলথ বৃত্তিতে মাস্টার্স-পিএইচডি, আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ সেপ্টেম্বর
কমনওয়েলথ বৃত্তিতে মাস্টার্স-পিএইচডি, আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ সেপ্টেম্বর

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ পেতে কমনওয়েলথ বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৭ সালের সেপ্টেম্বর/অক্টোবর থেকে শুরু হতে যাওয়া শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে পড়াশোনার জন্য এ বৃত্তি দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমনওয়েলথ বৃত্তির আওতায় এক বছর মেয়াদি পড়ানো মাস্টার্স এবং সর্বোচ্চ তিন বছর মেয়াদি পিএইচডি করার সুযোগ রয়েছে।
যে ছয় বিষয়ে আবেদন করা যাবে—
মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ছয়টি নির্ধারিত বিষয়ের আওতায় আবেদন করা যাবে। বিষয়গুলো হলো—
—উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি
—জনস্বাস্থ্যব্যবস্থা ও সক্ষমতা উন্নয়ন
—উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন
—শান্তি, নিরাপত্তা ও সুশাসন জোরদার করা
—সংকট মোকাবিলায় সক্ষমতা ও প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করা
—প্রবেশাধিকার, অন্তর্ভুক্তি ও সুযোগ
প্রার্থীদের এসব বিষয়ের মধ্যে নিজেদের শিক্ষাগত পটভূমির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিষয় বেছে নিতে হবে। যে বিষয়ে আবেদন করা হবে, তার সঙ্গে আবেদনকারীর প্রথম ডিগ্রি অথবা সর্বশেষ অর্জিত ডিগ্রির বিষয়টির সামঞ্জস্য থাকতে হবে।
আবেদনের যোগ্যতা—
মাস্টার্সে আবেদন করতে হলে প্রার্থীর অন্তত দ্বিতীয় শ্রেণির উচ্চতর মানের (২:১) স্নাতক ডিগ্রি অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে। তবে দ্বিতীয় শ্রেণির (২:২) স্নাতক ডিগ্রি থাকলে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রিও থাকতে হবে।
পিএইচডিতে আবেদনকারীরও অন্তত দ্বিতীয় শ্রেণির উচ্চতর মানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
মাস্টার্সে আবেদনকারীরা এরই মধ্যে দেশে বা বিদেশে মাস্টার্স, এমফিল বা পিএইচডির দিকে নিয়ে যায়—এমন কোনো কোর্সে ভর্তি বা নিবন্ধিত থাকতে পারবেন না। একইভাবে পিএইচডিতে আবেদনকারীদের আগে থেকেই পিএইচডি বা পিএইচডির দিকে নিয়ে যায় এমন এমফিল কোর্সে নিবন্ধিত থাকা যাবে না।
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের অফার লেটার প্রয়োজন—
আবেদনপত্রের সঙ্গে যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শর্তহীন ভর্তির প্রস্তাবপত্র বা অফার লেটার দিতে হবে। তবে ভাষাগত দক্ষতা বা অর্থসংক্রান্ত শর্তযুক্ত অফার লেটার থাকলেও আবেদন করা যাবে। পরবর্তী সময়ে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত হলে ভাষাগত দক্ষতার সনদ বা ফলাফলের কপি জমা দিতে হবে। আবেদনকারীদের দেওয়া অফার লেটারের সত্যতা ইউজিসি যাচাই করবে।
যেসব কাগজপত্র জমা দিতে হবে—
আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, পরীক্ষার নম্বরপত্র বা ফলাফল, প্রয়োজন অনুযায়ী ভাষাগত দক্ষতার সনদ, অফার লেটার এবং এক কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে।
আবেদনপত্রে কোনো তথ্য অসম্পূর্ণ থাকলে, ভুল তথ্য দেওয়া হলে কিংবা প্রয়োজনীয় কাগজপত্রের কোনো ঘাটতি থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিয়ে আবেদন করতে হবে।
ইউজিসিতে জমা দিতে হবে আবেদনপত্র
নির্ধারিত নিয়ম মেনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র হাতে লেখা গ্রহণ করা হবে না; কম্পিউটারে টাইপ করে পূরণ করতে হবে। এরপর সম্পূর্ণ আবেদনপত্রের হার্ড কপি জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা—
পরিচালক (আন্তর্জাতিক সহযোগিতা), আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭। আবেদনপত্রের খামের ওপর বৃত্তির নাম এবং কোন শ্রেণির বৃত্তির জন্য আবেদন—মাস্টার্স নাকি পিএইচডি, তা উল্লেখ করতে হবে। আবেদনপত্র ইউজিসির অভ্যর্থনাকক্ষের সামনে রাখা আবেদন বাক্সে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬।
বৃত্তির বাছাই তালিকা, সাক্ষাৎকারের তারিখ, মনোনয়ন, ফলাফলসহ পরবর্তী সব তথ্য ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই আবেদনকারীদের নিয়মিত ইউজিসির ওয়েবসাইটের নোটিশ বোর্ড এবং আন্তর্জাতিক সহযোগিতা, বৃত্তি ও ফেলোশিপ–সংক্রান্ত অংশ দেখার পরামর্শ দেওয়া হয়েছে।






এসএসসি উত্তীর্ণদের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তি, ২ বছর মিলবে মাসে ২,৫০০ টাকা
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে ওয়েবিনার
নর্দান ইউনিভার্সিটির ২২ শিক্ষার্থী পেলেন চীন সরকারের শিক্ষাবৃত্তি
বিশ্বের কিছু নাম করা স্কলারশিপ এর নাম এবং দরখাস্ত করার সময়
আরটিপি স্কলারশিপ ২০২০-২০২১ এর আবেদন প্রক্রিয়া শুরু
সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির স্কলারশিপ
কমনওয়েলথ বৃত্তি
মাস্টার্সের কমনওয়েলথ ২০১৯ স্কলারশিপের জন্য আবেদন
চিলিতে জাতিসংঘের ক্লাইমেট চেঞ্জের প্রোগ্রামের ফেলোশিপের সুযোগ 