রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » কলেজ | দেশজুড়ে | শিক্ষা | শিক্ষাঙ্গন » একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন
একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন
![]()
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির মাইগ্রেশনের (কলেজ-মাদ্রাসা পরিবর্তন) ফল আজ শনিবার রাতে প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ভর্তির নিশ্চয়ন প্রক্রিয়াও শেষ হয়েছে। সব ধাপ মিলিয়ে এবার কলেজ-মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ শিক্ষার্থী।
এবার কলেজ-মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য মোট আসন রয়েছে ২৬ লাখ ১ হাজার ৭৭৯টি। এর বিপরীতে চূড়ান্তভাবে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে মোট আসনের প্রায় ৩৩ শতাংশ শিক্ষার্থী। অর্থাৎ এখনো প্রায় ৬৭ শতাংশ আসন খালি রয়েছে।
তবে প্রথম ধাপের ভর্তি শেষ হয়ে ক্লাস শুরুর পর আরও এক দফা আবেদনের সুযোগ দেওয়া হবে। এরপরও বিপুলসংখ্যক আসন ফাঁকা থাকার আশঙ্কা রয়েছে। কারণ, এবার কারিগরিসহ ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৪৪ হাজারের বেশি শিক্ষার্থী। অবশ্য এই ভর্তি প্রক্রিয়ার আওতায় শুধু কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীরাই রয়েছে। কারিগরি বোর্ডের অধীনে ভর্তির কার্যক্রম আলাদাভাবে পরিচালিত হচ্ছে।
আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
এবার একাদশে ভর্তির জন্য পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন আবেদন করেছিল। তাদের মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জনকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়। তবে নির্বাচিতদের সবাই নির্ধারিত সময়ে ভর্তির নিশ্চয়ন করেনি। ফলে মাইগ্রেশনসহ সব প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে ৮ লাখ ৫৩ হাজারের বেশি শিক্ষার্থী।
মাইগ্রেশনের পর শিক্ষার্থীশূন্য ৫৫৭ প্রতিষ্ঠান
মাইগ্রেশনের মাধ্যমে এবার ৫৫ হাজার ৮০৪ শিক্ষার্থী তাদের কলেজ-মাদ্রাসা পরিবর্তন করেছে। এর ফলে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী না পাওয়া কলেজ-মাদ্রাসার সংখ্যা ৪১৬ থেকে বেড়ে ৫৫৭টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আবেদন করলেও এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীকে ভর্তির জন্য চূড়ান্তভাবে বরাদ্দ দেওয়া হয়নি।
প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামীকাল থেকে মঙ্গলবার (২০ থেকে ২২ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে। এ কার্যক্রম শেষ হওয়ার পর ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির পাঠদান শুরু হবে।
এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এ জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হয়নি। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণের মাধ্যমে পুরো ভর্তি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শিক্ষার্থীদের ফলাফল, পছন্দক্রম এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় নিয়ে তাদের জন্য প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে।






একাদশে ভর্তি শুরু আজ, সঙ্গে রাখতে হবে যেসব কাগজপত্র
একাদশে ভর্তি: ১১টি কলেজে আবেদন করেনি কোনো শিক্ষার্থী
একাদশ শ্রেণির ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, যা করতে হবে নির্বাচিত শিক্ষার্থীদের
২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু জুনের দ্বিতীয় সপ্তাহে
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা
শিক্ষা প্রতিষ্ঠান খোলা দুই বিষয়ের ওপর নির্ভর করছে: শিক্ষামন্ত্রী
২৬ ডিসেম্বর থেকে অনলাইনে সাত কলেজের পরীক্ষা শুরু
আইসিটি খাতে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা পেল ঢাকা কলেজ
দুই বিষয়ে ফেল করলেও মাস্টার্সে ভর্তির সুযোগ সাত কলেজের শিক্ষার্থীদের 