বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের বিষয় মুখস্থ বা আত্মস্থ করার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন, উদ্ভাবন এবং কর্মসংস্থানের সুযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রচলিত শিক্ষার পাশাপাশি প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। তিনি বলেন, তোমরা নিজেদের জীবন প্রতিষ্ঠিত করতে চাও। তাই তোমাদের বুঝতে হবে, যে স্বাধীনতা তোমরা পেয়েছ, সেটিকে কতটা কাজে লাগাবে, সেই প্রশ্ন নিজেকেই করতে হবে। একটি পুকুরের মাছ যখন বিশাল সমুদ্রে এসে পড়ে, তখন তার সামনে সাঁতার কাটার যেমন অনেক জায়গা থাকে, তেমনি খাবারেরও অভাব থাকে না। তোমরাও আজ এমন এক বিশাল সমুদ্রে সাঁতরে বেড়াচ্ছ। এখন তোমাদের ঠিক করতে হবে, কোন পথে এগিয়ে যাবে। তোমাদের ভবিষ্যৎ এখন তোমাদের নিজেদের হাতেই। মনে করো না, অন্য কেউ তোমাদের ভবিষ্যৎ তৈরি করে দেবে। নিজেকে এখনই নির্ধারণ করতে হবে—কী হতে চাও, কী করতে চাও এবং কীভাবে নিজের জীবন প্রতিষ্ঠিত করবে। সেই প্রস্তুতির সময় এখনই। তোমরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ। তাই বাংলাদেশকে কীভাবে গড়ে তুলবে, সেই চিন্তাও তোমাদের মধ্যে থাকতে হবে।
সম্প্রতি চীনের কারিগরি শিক্ষা ও শিল্প খাতের মডেল দেখতে চার দিনের সফরে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিল্প খাতের যে কার্যকর যোগসূত্র রয়েছে, তা বাংলাদেশের জন্য শিক্ষণীয়। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি কোন বিষয়ে দক্ষতা অর্জন করবে, কোথায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং কে উদ্ভাবক হিসেবে নিজের সক্ষমতা তুলে ধরবে—এসব বিষয় শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, ইউনিভার্সিটির ক্লাসে এসে শিক্ষক লেকচার দিলেন এবং শিক্ষার্থীরা সেই লেকচার ভালোভাবে আত্মস্থ করলেই কি শিক্ষার কাজ শেষ হয়ে যায়? না। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে শিক্ষা ব্যবস্থায় এআই নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি ইউনেস্কোর একটি সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদেরও নিজেদের প্রস্তুত করতে হবে।
এর আগে অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে নিজের ভূমিকার কথা তুলে ধরে আহসানুল হক মিলন বলেন, ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে অনুমোদন দিয়েছিলেন। পরবর্তীতে তিনি প্রতিমন্ত্রী থাকাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ, উপহার ও খাবার বিতরণ এবং আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের পাশাপাশি বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যান্ড ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনার আয়োজন রাখা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য অনিসুর রহমান তালুকদার খোকন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. রইছ উদ্দীন, ট্রেজারার প্রফেসর ড. সাবিনা শরমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. শামীমা সুলতানা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিবসহ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।






শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস 