রবিবার, ৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » প্রাথমিক | মাধ্যমিক বিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » পাঠ্যবইয়ের মানে আপস নয়, নিম্নমানের বই সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
পাঠ্যবইয়ের মানে আপস নয়, নিম্নমানের বই সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আগামীতে পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের ক্ষেত্রে গুণগত মানের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নিম্নমানের বই সরবরাহের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কচুয়া উপজেলা সমিতি, ঢাকা’ আয়োজিত ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ইতোমধ্যে নিম্নমানের যেসব পাঠ্যবই শনাক্ত হয়েছে, সেগুলো বাতিল করে ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে বইয়ের মান নিয়ন্ত্রণে কোনো ধরনের আপস করা হবে না। বই তৈরিতে ব্যবহৃত কাগজ, কালি কিংবা মুদ্রণপ্রক্রিয়ার কোনো পর্যায়েই মানের ক্ষেত্রে সমঝোতা করা হবে না। প্রধানমন্ত্রী দেশীয় মুদ্রণশিল্পকে আরও শক্তিশালী করতে চান উল্লেখ করে তিনি বলেন, এ বছর মুদ্রণের দায়িত্ব কোনো বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি।
তিনি বলেন, অতীতে নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। ভবিষ্যতেও একইভাবে নির্ধারিত সময়ে মানসম্মত বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার সক্ষমতা সরকারের রয়েছে।
মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অংশ হিসেবে বর্তমানে দেশের ১৫০টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ কর্মসূচি চালু রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। পর্যায়ক্রমে এটি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি। শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী খাবার কেনার সুযোগ দিতে কুপনভিত্তিক ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে খাদ্যতালিকায় নতুন খাবার যুক্ত করা এবং স্থানীয় অর্থনীতি ও উদ্যোক্তাদের সম্পৃক্ততা বাড়াতে খাবার সরবরাহ ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করা হবে। কয়েকটি জেলায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালুর পর তা সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
পরীক্ষার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় যাতে অযথা নষ্ট না হয়, সে জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। বর্ষাকালে সম্ভাব্য দুর্যোগের বিষয়টিও পরীক্ষার সময় নির্ধারণে বিবেচনায় নেওয়া হবে। প্রশ্নপত্রের নিরাপত্তা জোরদারে ভবিষ্যতে একই পরীক্ষার দুটি সেট প্রশ্নপত্র দুটি পৃথক স্থানে—বিজি প্রেস ও আর্মি সিকিউরিটি প্রেসে—মুদ্রণের ব্যবস্থা করা হবে।
এ ছাড়া পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ক্ষেত্রেও বাস্তবভিত্তিক পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি। চতুর্থ শ্রেণিতে স্পোর্টস ও কালচারাল বই চালুর পাশাপাশি প্রতিটি উপজেলায় নতুন কারিগরি সিলেবাসের আওতায় টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এসব প্রতিষ্ঠানে তৃতীয় ভাষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সৌদি আরবে একটি টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশকে আন্তর্জাতিক ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে সরকার ‘ক্রস বর্ডার এডুকেশন সিস্টেম’ চালুর উদ্যোগ নিয়েছে বলেও জানান ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বৈশ্বিক র্যাঙ্কিংয়ে শীর্ষ ৫০০-এর মধ্যে থাকা কোনো বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশে শাখা স্থাপন করতে চাইলে তার অনুমোদনের সুযোগ তৈরি করতে বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করা হবে।
কচুয়া উপজেলা সমিতি, ঢাকার সভাপতি জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট নাজমুন নাহার বেবি।
অনুষ্ঠানে কচুয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।






দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি, কলেজে টানা ছুটি ১৬ দিন পর্যন্ত
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ: নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের তালিকা জমা আজ
প্রাথমিকের সব শিক্ষককে দেওয়া হবে এআই ও প্রযুক্তি প্রশিক্ষণ
প্রাথমিকে যুক্ত হচ্ছে জীবনঘনিষ্ঠ বিষয়বস্তু: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
‘প্রাথমিক শিক্ষার স্তর থেকেই সবাইকে প্রোগ্রামিংয়ে যুক্ত করতে হবে’
চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না নেওয়ার ইঙ্গিত
পরিস্থিতির বিবেচনায় ডিসেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা
শিক্ষা প্রতিষ্ঠান খোলা দুই বিষয়ের ওপর নির্ভর করছে: শিক্ষামন্ত্রী 