রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » কলেজ | শিক্ষা | শিক্ষাঙ্গন » একাদশে ভর্তি শুরু আজ, সঙ্গে রাখতে হবে যেসব কাগজপত্র
একাদশে ভর্তি শুরু আজ, সঙ্গে রাখতে হবে যেসব কাগজপত্র

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে আনুষ্ঠানিক ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে রোববার (২০ সেপ্টেম্বর)। এদিন থেকে নির্বাচিত কলেজে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের। ভর্তির সময় কয়েক ধরনের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। এসব কাগজপত্র ছাড়া ভর্তি নেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
যেসব কাগজপত্র প্রয়োজন
একাদশ শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীদের সঙ্গে প্রয়োজনীয় কিছু কাগজপত্র রাখতে হবে। এর মধ্যে রয়েছে—এসএসসি পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটের কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, সদ্য তোলা দুই থেকে চার কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, অনলাইন আবেদন নিশ্চায়নের কপি এবং শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল ফোন নম্বর।
কলেজভেদে ভর্তি ফি
শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানভেদে সর্বনিম্ন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ আট হাজার ৫০০ টাকা। এমপিও, নন-এমপিও, বাংলামাধ্যম ও ইংরেজি ভার্সনের পাশাপাশি বিভাগীয় শহর ও মফস্বল এলাকার ভিত্তিতেও এই ফি নির্ধারণে পার্থক্য রাখা হয়েছে।
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি—উভয় ভার্সনে সর্বোচ্চ ভর্তি ফি পাঁচ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন বা বিভাগীয় শহরের প্রতিষ্ঠানে এ ফি সর্বোচ্চ তিন হাজার টাকা। জেলা পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ দুই হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকার এমপিওভুক্ত কলেজে সর্বোচ্চ এক হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।
নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ভর্তি ফি সাত হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে আট হাজার ৫০০ টাকা। জেলা সদর এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ তিন হাজার এবং ইংরেজি ভার্সনে চার হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলা ও মফস্বল এলাকার কলেজে বাংলা ভার্সনে এ ফি সর্বোচ্চ দুই হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা।
একাদশে ভর্তিতে থাকছে ৭ শতাংশ কোটা
ভর্তি নীতিমালা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে এসব আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
অবশিষ্ট ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। এই কোটাব্যবস্থা শুধু ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য কার্যকর হবে।
গত ১৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার মোট নয় লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশে ভর্তির জন্য আবেদন করেছেন। এর মধ্যে প্রথম ধাপে নয় লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন। প্রথম ধাপে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীরাই এবার এ পর্যায়ে ভর্তির সুযোগ পাচ্ছেন।






একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন
একাদশে ভর্তি: ১১টি কলেজে আবেদন করেনি কোনো শিক্ষার্থী
একাদশ শ্রেণির ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, যা করতে হবে নির্বাচিত শিক্ষার্থীদের
২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু জুনের দ্বিতীয় সপ্তাহে
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা
শিক্ষা প্রতিষ্ঠান খোলা দুই বিষয়ের ওপর নির্ভর করছে: শিক্ষামন্ত্রী
২৬ ডিসেম্বর থেকে অনলাইনে সাত কলেজের পরীক্ষা শুরু
আইসিটি খাতে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা পেল ঢাকা কলেজ
দুই বিষয়ে ফেল করলেও মাস্টার্সে ভর্তির সুযোগ সাত কলেজের শিক্ষার্থীদের 