বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ভর্তি পরীক্ষা | শিক্ষা | শিক্ষাঙ্গন » বিভাগীয় শহরে হচ্ছে না জাবির ভর্তি পরীক্ষা, সিদ্ধান্ত ঝুলছে
বিভাগীয় শহরে হচ্ছে না জাবির ভর্তি পরীক্ষা, সিদ্ধান্ত ঝুলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে নেওয়ার উদ্যোগ থাকলেও ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা কার্যকর হচ্ছে না। বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিতে প্রয়োজনীয় কেন্দ্র ও সময় না পাওয়া, সেশনজটের আশঙ্কা এবং বাড়তি ব্যয়ের মতো নানা বাস্তব সমস্যার কারণে এবারও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের দিকে এগোচ্ছে প্রশাসন। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরবর্তী একাডেমিক কাউন্সিল ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তের পর পরীক্ষার পদ্ধতি চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য জানান।
সভা শেষে বিষয়টি নিয়ে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামসুল আলম, ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মো. আলী রেজা, গণিত ও পদার্থবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুব কবির এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আবু সায়েফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামসুল আলম বলেন, চলতি বছর বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন আনুষঙ্গিক বিষয় বিবেচনায় এবার এটি বাস্তবায়ন করা না গেলেও আগামী বছর থেকে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের জন্য আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত পর্যায়ে যায়নি। পরবর্তী একাডেমিক কাউন্সিল ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করা হবে।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মো. আলী রেজা বলেন, বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিতে গিয়ে বেশ কয়েকটি বাস্তব সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এর মধ্যে আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধি, সময়ের সমন্বয় না হওয়া এবং বিভাগীয় পর্যায়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি আগে থেকেই নির্ধারিত থাকায় এবার উদ্যোগটি বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। বিষয়গুলো জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থাপন করা হবে। সেখান থেকেই পরবর্তী সিদ্ধান্ত আসবে। একাডেমিক কাউন্সিলের পরবর্তী সভা চলতি মাসেই হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।
গণিত ও পদার্থবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুব কবির বলেন, বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে সভায় তাদের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এসব প্রস্তাব পুনর্বিবেচনার পর ভর্তি পরীক্ষা কীভাবে আয়োজন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞাপন
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আবু সায়েফ মো. মুনতাকিমুল বারী বলেন, বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে পরীক্ষাকেন্দ্র, সময়সূচি, ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট ব্যয়ের বিষয়গুলো বিবেচনা করা জরুরি। সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী সিদ্ধান্তের সময় এগুলোও গুরুত্ব পাবে।
সভায় সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের পথে কয়েকটি বড় প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র ও সময় আগে থেকেই বুকিং হয়ে যাওয়া, এপ্রিল পর্যন্ত পর্যাপ্ত সময় না থাকা, দেরিতে পরীক্ষা নিলে সেশনজটের আশঙ্কা এবং সার্বিক পরীক্ষাব্যয় বেড়ে যাওয়া।
সংশ্লিষ্টরা জানান, বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে শিক্ষকদের সম্মানী, অ্যাসিস্ট্যান্ট ফি, আবেদন ফিসহ বিভিন্ন আনুষঙ্গিক খরচ যুক্ত হবে। এতে বর্তমান পরীক্ষার তুলনায় ব্যয় দেড় থেকে দুই গুণ পর্যন্ত বাড়তে পারে। ফলে ভর্তি পরীক্ষার ফি প্রায় ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা পর্যন্ত হতে পারে বলে সভায় আলোচনা হয়েছে।
তবে সভায় আলোচিত এসব বিষয় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। একাডেমিক কাউন্সিল ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির পরবর্তী সিদ্ধান্তের পরই ভর্তি পরীক্ষার চূড়ান্ত পদ্ধতি এবং অন্যান্য বিষয় নির্ধারণ করা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে আয়োজনের দাবি অবশ্য নতুন নয়। ২০২২ সালের এপ্রিলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে আয়োজনের সুপারিশ করেছিল। কিন্তু সে সময় জাবি প্রশাসন ক্যাম্পাসের বাইরে কোনো পরীক্ষা কেন্দ্র না রাখার সিদ্ধান্ত নেয়।
পরবর্তী সময়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ঘিরে যানজট, পরিবহন সংকট, পার্কিং, পানি, খাবার ও পরীক্ষাকেন্দ্র নিয়ে নানা ভোগান্তির অভিযোগ ওঠে। এসব সমস্যার পর পরীক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের দাবি জানান।
২০২৪ সালের ডিসেম্বরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির অভিন্ন প্রশ্নে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানায়।
২০২৫ সালের ডিসেম্বরের জাবির ভর্তি পরীক্ষাতেও বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া হয়নি। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানানো হয়েছিল। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানও ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের কথা জানিয়েছিলেন।
এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৮ জুলাই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের সম্ভাব্যতা যাচাই করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে তথ্য সংগ্রহের জন্য চারটি পৃথক উপ-কমিটি গঠন করে জাবি প্রশাসন।
এ ছাড়া গত আগস্টেও প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়ে কাজ চলমান থাকার কথা জানানো হয়েছিল।






জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
সেপ্টেম্বরে হতে পারে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা
গুচ্ছ ভর্তি পরীক্ষা: আগামীকাল উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছে ইউজিসি
বিভাগ পরিবর্তনের ইউনিট বহাল চান বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা
মার্চে হতে পারে মেডিকেলের ভর্তি পরীক্ষা
শর্ত সাপেক্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আগ্রহী বুয়েট
১৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা
চারুকলার ভর্তি পরীক্ষা তুলে দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি: ঢাবি ভিসি 