শিরোনাম:
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » বিদেশে উচ্চশিক্ষা | বিশ্ববিদ্যালয় » চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
প্রথম পাতা » বিদেশে উচ্চশিক্ষা | বিশ্ববিদ্যালয় » চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
৫৯ বার পঠিত
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ

---

 

২০১০ সালে আন্তর্জাতিক বৃত্তি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে বিদেশে উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন ২৪ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মাত্র একজন। ১৬ বছর পর সেই চিত্রে বড় পরিবর্তন এসেছে। চলতি বছর বৃত্তিসহ বিভিন্ন সুযোগ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন ১২৬ জন। এর মধ্যে ৫৬ জনের গন্তব্য যুক্তরাষ্ট্র।

বিদেশে বৃত্তি নিয়ে পড়তে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে নারীদের অংশগ্রহণও উল্লেখযোগ্য। এ শিক্ষার্থীদের প্রায় ৫৫ শতাংশই নারী।

চট্টগ্রাম ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ সোসাইটি (সিইউআরএইচএস) এবং বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের তথ্য থেকে এসব বিষয় জানা গেছে। সিইউআরএইচএসের তথ্য অনুযায়ী, একসময় বিজ্ঞান ও প্রযুক্তিসংশ্লিষ্ট কয়েকটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যেই বিদেশে উচ্চশিক্ষার প্রবণতা বেশি ছিল। এখন মানবিক, সমাজবিজ্ঞান, ব্যবসায় প্রশাসনসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও নিয়মিত আন্তর্জাতিক বৃত্তি অর্জন করছেন।

বিদেশে উচ্চশিক্ষায় সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য এখন যুক্তরাষ্ট্র। ২০১৯ সালে দেশটিতে গিয়েছিলেন মাত্র ৫ জন শিক্ষার্থী। ২০২১ সালের পর থেকে এ সংখ্যা বাড়তে থাকে। কোভিড-পরবর্তী সময়ে অনেক বিশ্ববিদ্যালয়ে আবেদনপ্রক্রিয়া কিছুটা সহজ হওয়াকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণার অভিজ্ঞতা, আন্তর্জাতিক যোগাযোগ এবং বৃত্তি সম্পর্কে তথ্য পাওয়ার সুযোগ বৃদ্ধি পাওয়াও এ প্রবণতায় ভূমিকা রাখছে।

এ ছাড়া প্রায় ৩০ শতাংশ শিক্ষার্থী ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী যাচ্ছেন জার্মানিতে। এরপর রয়েছে সুইডেন, ইতালি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও ফিনল্যান্ড। ইউরোপের পর শিক্ষার্থীদের পছন্দের গন্তব্য চীন, মালয়েশিয়া, কোরিয়া ও জাপান। অস্ট্রেলিয়াতেও যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আন্তর্জাতিক বৃত্তি অর্জনের ক্ষেত্রেও শিক্ষার্থীদের সাফল্য বেড়েছে। নিয়মিতভাবে তাঁরা ফুলব্রাইট, কমনওয়েলথ, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস, জাপানের মেক্সট, ইরাসমাস মুন্ডুস, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্কলারশিপ, জার্মানির ডিএএডি এবং সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপের মতো মর্যাদাপূর্ণ বৃত্তি পাচ্ছেন।

বিজ্ঞান-প্রযুক্তির পাশাপাশি মানবিকেও বাড়ছে সুযোগ

বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশলসংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরাই এখনো সংখ্যায় এগিয়ে। ২০২৬ সালের তথ্য অনুযায়ী, তাঁদের অংশ প্রায় ৭০ শতাংশ। বিজ্ঞানভিত্তিক বিভাগগুলোর মধ্যে জিনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী বিদেশে যাচ্ছেন। তাঁদের অংশ প্রায় ৩৫ শতাংশ। এরপর রয়েছে রসায়ন, ফরেস্ট্রি, ফলিত রসায়ন, তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশলসহ বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিভাগ।

তবে সাম্প্রতিক সময়ে মানবিক ও সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত এসব বিভাগের গড়ে এক-দুজন শিক্ষার্থী প্রতিবছর বিদেশে যেতেন। বর্তমানে এ সংখ্যা ১০-এর বেশি।

আন্তর্জাতিক সম্পর্ক, যোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি, ব্যবসায় প্রশাসনের মানবসম্পদ ও ব্যবস্থাপনা, মার্কেটিং, ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও এখন বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন।

এ ক্ষেত্রে কয়েকটি সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন নজিরও তৈরি করেছে। চলতি বছর প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মিশকাতুল মমতাজ যুক্তরাষ্ট্রের সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শাহ্ জুলকার নাঈনও বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। পালি বিভাগের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নীলা রাখাইন। তিনি ক্লেমসন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নেবেন। বাংলা বিভাগ থেকেও প্রথমবারের মতো একজন শিক্ষার্থী জার্মানিতে উচ্চশিক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। ফলে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ এখন আর কেবল নির্দিষ্ট কয়েকটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের একাংশকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ সোসাইটি (সিইউআরএইচএস) ও বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স।

গবেষণা ও তথ্যপ্রাপ্তির সুযোগে বদলেছে চিত্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার প্রবণতা বৃদ্ধির পেছনে ব্যক্তিগত প্রস্তুতির পাশাপাশি গবেষণার পরিবেশ এবং প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ বৃদ্ধিকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ে গবেষণাপত্র প্রকাশের হারও আগের তুলনায় বেড়েছে।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা সেলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে গবেষণা তথ্যভান্ডার স্কোপাসে অন্তর্ভুক্ত গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ৬১৫টি। এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ। স্কোপাসের চূড়ান্ত হিসাব শেষ হলে ২০২৬ সালের শেষ নাগাদ এ সংখ্যা ৭০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২৪ সালে স্কোপাসে অন্তর্ভুক্ত গবেষণাপত্রের সংখ্যা ছিল ৫৯৪। ২০১৯ সালে ছিল ১১৬টি। অর্থাৎ ছয় বছরে গবেষণাপত্র প্রকাশের সংখ্যা বেড়েছে প্রায় পাঁচ গুণ।

সিইউআরএইচএসের সভাপতি দিদারুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটের বিস্তারের কারণে বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও বৃত্তি সম্পর্কে শিক্ষার্থীরা এখন আগের চেয়ে সহজে তথ্য পাচ্ছেন। পাশাপাশি সিইউআরএইচএসসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণাবান্ধব সংগঠন আইইএলটিএস, জিআরই, গবেষণা এবং বিদেশে উচ্চশিক্ষার আবেদনপ্রক্রিয়া নিয়ে নিয়মিত কর্মশালা করছে। এতে উচ্চশিক্ষা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য আরও সহজে ও ব্যাপকভাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছাচ্ছে। অনেক শিক্ষকও শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে দিকনির্দেশনা ও পরামর্শ দিচ্ছেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উচ্চশিক্ষার সংস্কৃতিতে এক ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি।’

উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ফুলব্রাইট স্কলার খাদিজা মিতু বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আগের তুলনায় অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। নারীদের সামনে এগিয়ে যাওয়ার বাধাগুলোও কিছুটা কমেছে। তবে এখনো অনেক প্রতিবন্ধকতা রয়েছে।’ তাঁর মতে, বাংলাদেশে মাধ্যমিক পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষার পরিবেশ তুলনামূলক ভালো হলেও উচ্চশিক্ষা ও পিএইচডি পর্যায়ে অনেকেই বিয়ে ও পারিবারিক দায়িত্বের কারণে পিছিয়ে পড়েন।

গবেষণার সুযোগ বৃদ্ধিকেও গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিইউআরএইচএসের ডেপুটি মডারেটর ও তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের সভাপতি কাজী তানভীর আহম্মদ। তিনি বলেন, ‘গত পাঁচ বছরে শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহ বেড়েছে। গবেষণা সেলের প্রকল্প, বিভিন্ন স্কলারশিপ ও ফেলোশিপ, তরুণ শিক্ষকদের গবেষণা এবং ইন্টারনেটের সহজলভ্যতা এ ক্ষেত্রে ভূমিকা রাখছে। পাশাপাশি মাস্টার্স, এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের গবেষণা ভাতা গুরুত্বপূর্ণ ভর্তুকি হিসেবে কাজ করছে।’

তবে বিজ্ঞান, প্রকৌশল ও জীববিজ্ঞানভিত্তিক গবেষণার জন্য ল্যাবরেটরিতে আরও অর্থায়ন প্রয়োজন বলে মনে করেন তিনি। তাঁর মতে, এসব ক্ষেত্রে আরও বেশি অগ্রাধিকার দেওয়া দরকার।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষায় যাওয়ার ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগেই এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হলো তাঁদের প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ তৈরি করা। এ লক্ষ্যেই ইতিমধ্যে একটি আন্তর্জাতিক অফিস চালু হয়েছে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রাম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণার সুযোগ তৈরির কাজ চলছে।’

 



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের কর্মসূচিতে নতুন চাপ, ওপিটিতে ৭০ হাজার ডলার ফি প্রস্তাব যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের কর্মসূচিতে নতুন চাপ, ওপিটিতে ৭০ হাজার ডলার ফি প্রস্তাব
নেদারল্যান্ডসে স্নাতকোত্তরে পূর্ণ অর্থায়নের বৃত্তি, আবেদন শেষ ১ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসে স্নাতকোত্তরে পূর্ণ অর্থায়নের বৃত্তি, আবেদন শেষ ১ ফেব্রুয়ারি
তাইওয়ানে উচ্চশিক্ষায় স্কলারশিপ, বছরে মিলবে সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার এনটিডি তাইওয়ানে উচ্চশিক্ষায় স্কলারশিপ, বছরে মিলবে সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার এনটিডি
নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ছে, আসছে নতুন ভিসা নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ছে, আসছে নতুন ভিসা
হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রামে আবেদন, বছরে ৮০ হাজার ডলার স্টাইপেন্ড হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রামে আবেদন, বছরে ৮০ হাজার ডলার স্টাইপেন্ড
রাশিয়ার শিক্ষা ভিসা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নির্দেশনা রাশিয়ার শিক্ষা ভিসা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নির্দেশনা
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে ওয়েবিনার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে ওয়েবিনার
নর্দান ইউনিভার্সিটির ২২ শিক্ষার্থী পেলেন চীন সরকারের শিক্ষাবৃত্তি নর্দান ইউনিভার্সিটির ২২ শিক্ষার্থী পেলেন চীন সরকারের শিক্ষাবৃত্তি
কানাডায় স্কলারশিপের সুবিধা নিয়ে পড়তে চাইলে কানাডায় স্কলারশিপের সুবিধা নিয়ে পড়তে চাইলে

আর্কাইভ